রাজ্যের খবর

ধর্মের ভিত্তিতে আর সরকারি অনুদান নয়! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্প বন্ধের ঘোষণা অগ্নিমিত্রার

ধর্মের ভিত্তিতে তুষ্টিকরণের দিন শেষ! কড়া দাওয়াই নতুন সরকারের

Truth of Bengal: সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকটি রাজ্যের প্রশাসনিক ইতিহাসে এক অন্যতম মাইলফলক হয়ে থাকল। এই বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুর, নগরোন্নয়ন এবং নারী ও শিশু সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল এক বিস্ফোরক সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যে ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে দেওয়া সমস্ত রকম সরকারি সুযোগ-সুবিধা ও সহায়তামূলক প্রকল্প এবার চিরতরে বন্ধ হতে চলেছে।

মন্ত্রী অগ্নিমিত্রা পল বলেন, “তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনস্ত যে সমস্ত সহায়তামূলক প্রকল্প ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে দেওয়া হত, সেগুলি সম্পূর্ণ বন্ধ করা হবে। এই চলতি মাসটুকুই কেবল এই সুবিধা মিলবে। আগামী মাস (১ জুন) থেকে এটি পুরোপুরি বন্ধ হচ্ছে। এই বিষয়ে খুব তাড়াতাড়ি সরকারের তরফ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হবে।” রাজনৈতিক মহলের মতে, বিজেপির ‘তুষ্টিকরণ মুক্ত সুশাসন’ নীতির অংশ হিসেবেই এই কড়া পদক্ষেপ নেওয়া হল।

সরকারি কর্মীদের মেগা উপহার ও মহিলাদের ফ্রি বাস

ধর্মীয় প্রকল্প বন্ধের পাশাপাশি সাধারণ মানুষের জন্য একঝাঁক খুশির খবরও এনেছে এই ক্যাবিনেট বৈঠক। রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের জন্য বহু প্রতীক্ষিত ‘সপ্তম রাজ্য বেতন কমিশন’ গঠনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর পাশাপাশি নারীশক্তিকে বড় উপহার দিয়ে আগামী ১ জুন থেকে রাজ্যের সকল সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহণ প্রকল্পে সবুজ সংকেত দেওয়া হয়েছে। একই সঙ্গে নারী ও শিশু উন্নয়ন দফতরের অধীনে নতুন ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পও নীতিগত অনুমোদন পেয়েছে।

মুখ্যমন্ত্রীর ঘরে ৫ মন্ত্রী ও মুখ্যসচিবের হাইভোল্টেজ বৈঠক

সোমবারের এই অতি গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত ছিলেন একঝাঁক শীর্ষ মন্ত্রী। পঞ্চায়েত ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ, মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়া ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া এবং আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু ছাড়াও এই মেগা বৈঠকে প্রশাসনিক রূপরেখা টানতে হাজির ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল। সব মিলিয়ে, সোমবারের নবান্ন যেমন একদিকে কড়া প্রশাসনিক সংস্কার দেখল, তেমনই অন্যদিকে আমজনতার পকেট ভরানোর একাধিক জনমুখী সিদ্ধান্তের সাক্ষী থাকল।

Related Articles