লাইনে দাঁড়ানোর ঝামেলা শেষ! যাঁরা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পেতেন, তাঁরাই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার!
অ্যাকাউন্টে আসবে মোটা টাকা! ১ জুন থেকে কীভাবে রূপান্তর হবে লক্ষ্মীর ভাণ্ডার? খোলসা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা।
Truth of Bengal: সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আয়োজিত হাই-ভোল্টেজ ক্যাবিনেট বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। সেখানে তিনি রাজ্যের মহিলাদের আশ্বস্ত করে বলেন, “আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের সব যোগ্য মহিলারাই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন। সবথেকে বড় কথা, যাঁরা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, তাঁদের নতুন করে ফর্ম তোলার বা লাইনে দাঁড়ানোর কোনও প্রয়োজন নেই। তাঁদের সমস্ত নাম ও তথ্য সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ট্রান্সফার করে দেওয়া হবে।”
১ জুন থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা
মন্ত্রী জানিয়েছেন, আগামী ১ জুন থেকে এই নতুন প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Direct Benefit Transfer) পাঠানো শুরু হবে। পূর্বতন সরকারের ডেটাবেস ব্যবহার করেই এই স্থানান্তরের কাজ সম্পন্ন করা হবে, যাতে সাধারণ নারীদের কোনো রকম প্রশাসনিক হেনস্থার শিকার হতে না হয়।
বঞ্চিত ও সিএএ আবেদনকারীদের জন্যও সুখবর
যাঁরা এতদিন কোনো কারণে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাননি, তাঁদের জন্য অত্যন্ত দ্রুত একটি নতুন সরকারি পোর্টাল খুলে দেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে। সেখানে নতুন করে আবেদন করা যাবে। এর পাশাপাশি এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে মন্ত্রী স্পষ্ট করেছেন যে, মতুয়া সম্প্রদায় বা অন্যান্য যে সমস্ত মানুষ সিএএ (CAA) এর জন্য কিংবা নাগরিকত্বের দাবিতে ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন, তাঁরাও সম্পূর্ণ আইনিভাবে এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। নতুন ডবল ইঞ্জিন সরকারের এই মেগা সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া রাজ্যের মহিলা মহলে।





