রাজ্যের খবর

তৃণমূল শাসিত ১২৮টি পুর এলাকায় বসছে CCTV, ডিজিটাল নজরদারি চালাবেন খোদ মন্ত্রী অগ্নিমিত্রা

তৃণমূল পরিচালিত পুরবোর্ডের ওপর ‘ডিজিটাল’ খাঁড়া! সিসিটিভির জালে মুড়ছে শহর থেকে শহরতলি

Truth of Bengal: রাজ্যের পুরসভা ও পুরনিগমগুলির কাজে স্বচ্ছতা আনতে এবার কড়া পদক্ষেপ নিল নতুন বিজেপি সরকার। বুধবার বিধানসভায় পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিলেন, রাজ্যের ১২১টি পুরসভা এবং ৭টি পুরনিগম এলাকাকে দ্রুত সিসিটিভির নজরদারিতে আনা হবে। এই ক্যামেরার সরাসরি নিয়ন্ত্রণ থাকবে রাজ্যের পুর দপ্তরের হাতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনার পরেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

কেন এই কড়া নজরদারি?

রাজ্যের ক্ষমতা বিজেপির হাতে এলেও, অধিকাংশ পুরসভা ও পুরনিগম বর্তমানে তৃণমূলের দখলে। ওয়াকিবহাল মহলের মতে, তৃণমূল পরিচালিত এই বোর্ডগুলি কীভাবে কাজ করছে, উন্নয়নের টাকা কোথায় খরচ হচ্ছে এবং সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন কি না, তা জানতেই এই ‘ডিজিটাল’ নজরদারি। শুধু রাস্তাঘাট নয়, পুরসভার দফতরের ভেতরেও নজর রাখা হবে। কে কখন অফিসে ঢুকছেন বা বেরোচ্ছেন, সবটাই নথিবদ্ধ হবে কেন্দ্রীয়ভাবে।

কলকাতার সমীক্ষায় অশনি সংকেত তৃণমূলের জন্য

এবারের বিধানসভা নির্বাচনের ফল বলছে, কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০০টিরও বেশি ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল। সিঁথি থেকে জোকা, টালিগঞ্জ থেকে গড়িয়া, সর্বত্রই ভোটাররা প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে পদ্ম শিবিরে ভোট দিয়েছেন। আগামী ডিসেম্বরেই কলকাতায় পুরভোট হওয়ার কথা। তবে রাজনৈতিক মহলে জল্পনা, নতুন সরকার চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই বর্তমান পুরবোর্ডগুলি ভেঙে দিয়ে নির্বাচন করাতে পারে।

অগ্নিমিত্রার কড়া বার্তা

এদিন বিধানসভায় অগ্নিমিত্রা পাল বলেন, “পুরসভাগুলিকে মানুষের সেবার জায়গায় দুর্নীতির আখড়ায় পরিণত হতে দেব না। প্রতিটি পুর এলাকায় কী কাজ হচ্ছে, তা সরাসরি দেখার জন্য সিসিটিভি অত্যন্ত জরুরি।” বিরোধীদের অভিযোগ উড়িয়ে তিনি সাফ জানান, স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়াই শুভেন্দু সরকারের লক্ষ্য।

পুর দফতরের এই নতুন পদক্ষেপের ফলে কার্যত চাপের মুখে পড়তে চলেছে তৃণমূল পরিচালিত পুরবোর্ডগুলি। নজরদারির এই কড়াকড়িতে আমলা ও জনপ্রতিনিধিদের কাজের স্টাইল কতটা বদলায়, সেটাই এখন দেখার।

Related Articles