তিনদিনের উত্তরবঙ্গ সফরে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বন্যা প্রস্তুতি ও উন্নয়ন প্রকল্প নিয়ে প্রশাসনিক বৈঠক
বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের নতুন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, প্রশাসনিক পরিকল্পনা এবং বিরোধী দলকে নিয়ে একাধিক মন্তব্য করেন তিনি।
Truth of Bengal: তিনদিনের উত্তরবঙ্গ সফরে রবিবার বাগডোগরায় পৌঁছলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সকালে কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর পর তাঁকে স্বাগত জানান প্রশাসনিক আধিকারিকরা। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের নতুন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, প্রশাসনিক পরিকল্পনা এবং বিরোধী দলকে নিয়ে একাধিক মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন কারণ তারা দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেটরাজ ও লুটপাটের রাজনীতি থেকে মুক্তি চেয়েছিলেন। তাঁর দাবি, নতুন সরকার সকল সম্প্রদায়ের উন্নয়নে সমানভাবে কাজ করতে বদ্ধপরিকর। সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে-মেয়েরাও যাতে শিক্ষা, কর্মসংস্থান ও উন্নয়নের মূল স্রোতে যুক্ত হতে পারে, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানান তিনি।
উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত উত্তরবঙ্গকে আর বঞ্চিত রাখা হবে না। কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে একাধিক পরিকাঠামোগত প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। রেল পরিষেবার উন্নয়ন, বুলেট ট্রেন প্রকল্প, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে নতুন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, উত্তরবঙ্গে আইআইএম, এমস-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন হওয়া প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন। তাঁর কথায়, আদালতের নির্দেশ মেনে মানুষের স্বার্থে আটকে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফের জন্য জমি সংক্রান্ত দীর্ঘদিনের জটও নতুন সরকার প্রথম মন্ত্রিসভার বৈঠকেই দূর করেছে বলে দাবি করেন তিনি।
রাজ্যের প্রধান বিরোধী দলকে কটাক্ষ করে মন্ত্রী বলেন, আদর্শ ও নীতিহীন রাজনীতি দীর্ঘস্থায়ী হতে পারে না। দলের অভ্যন্তরীণ বিভাজন নিয়ে তিনি তীব্র সমালোচনাও করেন। সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য হিসেবে উঠে এসেছে বন্যা পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি। গত বছরের ভয়াবহ বন্যার অভিজ্ঞতা মাথায় রেখে এ বছর আগাম সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে জোর দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গের বিভিন্ন বন্যাপ্রবণ এলাকার পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। সফর চলাকালীন কার্শিয়াং, কালিম্পং, মিরিক ও শিলিগুড়ি-সহ একাধিক এলাকায় প্রশাসনিক পর্যালোচনা করবেন তিনি। বাগডোগরা থেকে সড়কপথে শিলিগুড়ির উদ্দেশে রওনা দেন মন্ত্রী। জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন উত্তরকন্যায় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বন্যা মোকাবিলার প্রস্তুতি, পরিকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন তিনি।






