কলকাতা

কলকাতার নোংরা-জমা জলের বাজার অতীত! আধুনিকীকরণের বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রা পালের

ক্ষমতায় আসার পর থেকেই কলকাতার নাগরিক পরিকাঠামো ও পরিচ্ছন্নতা নিয়ে একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন অগ্নিমিত্রা

Truth of Bengal: বর্তমান বাজারের ভিড়, নোংরা, জমা জল আর ঠেলাঠেলির ছবি বদলে দিতে চাইছে রাজ্য সরকার। কলকাতার বাজারগুলিকে আরও পরিচ্ছন্ন, আধুনিক ও ক্রেতাবান্ধব করে তোলার পরিকল্পনার কথা জানালেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর কথায়, এমন বাজার তৈরি করা হবে যেখানে ঢুকলেই ক্রেতারা একেবারে আলাদা অভিজ্ঞতা পাবেন। ক্ষমতায় আসার পর থেকেই কলকাতার নাগরিক পরিকাঠামো ও পরিচ্ছন্নতা নিয়ে একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন অগ্নিমিত্রা। শহরের রাস্তায় আবর্জনা ফেলা, থুতু ফেলা বা প্রকাশ্যে প্রস্রাব করার বিরুদ্ধে সেপ্টেম্বর থেকেই জরিমানার ব্যবস্থা চালু হয়েছে। পার্কিং নিয়েও আলাদা পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

বিভিন্ন জায়গায় ঘুরে নিজে পরিস্থিতি খতিয়ে দেখছেন বলেও দাবি অগ্নিমিত্রার। এই নিয়ে তাঁকে সমাজমাধ্যমে ট্রোলের মুখেও পড়তে হচ্ছে। তবে সেই সমালোচনায় কাজ থামবে না বলেই স্পষ্ট জানিয়েছেন তিনি। অগ্নিমিত্রার বক্তব্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শহর ও রাজ্যজুড়ে উন্নয়নমূলক কাজ চলবে। আগের সরকারের আমলে জলাশয় বুজিয়ে বহুতল তৈরি করা হত বলে অভিযোগ তুলে তিনি জানান, বর্তমান সরকার জলাশয় ও খোলা জায়গার পরিকল্পিত ব্যবহার চায়। একই সঙ্গে শহর পরিষ্কার রাখতে নাগরিকদেরও দায়িত্বশীল হওয়ার আবেদন করেছেন তিনি।

বাজার সংস্কার নিয়ে অগ্নিমিত্রা বলেন, “বাজারগুলোকে সুন্দর করতে চাইছি। বাজার এখন বিভীষিকা। ভিড়ভাড়, ঠেলাঠেলি, জল পড়ে আছে, নোংরা। আমরা এমন বাজার তৈরি করব যেখানে ঢুকলেই আপনাদের দারুণ এক্সপিরিয়েন্স হবে।” বাজারগুলিতে আরও বেশি শৌচালয় তৈরির কাজও চলছে বলে জানিয়েছেন পুরমন্ত্রী। পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার কমাতে বাজারে বাজারে বিশেষ ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনা রয়েছে। সেখানে প্লাস্টিকের বোতল জমা দিলে বিনিময়ে একটি ব্যাগ পাওয়া যাবে। অগ্নিমিত্রার কথায়, “প্রচুর টয়লেট হচ্ছে। বাজারে ব্যাগের ভেন্ডিং মেশিন বসানো হচ্ছে। প্লাস্টিকের বোতল দিলেই একটি ব্যাগ পাওয়া যাবে। তবে সবকিছুর জন্য মানুষের সহযোগিতা প্রয়োজন।”

Related Articles