
Truth of Bengal: কথায় বলে ‘অনেক ঘাটের জল খাওয়া’। কল্লোলিনী তিলোত্তমা কলকাতার জনজীবনে গঙ্গা তীরের ঘাটের গুরুত্ব অপরিসীম। প্রাচীন নগরী কাশী বা বেনারসের মতোই গঙ্গাপাড়ের প্রাচীন নগরী কলকাতাকে অনায়াসে বলা যায় ‘ঘাটের শহর’। কলকাতার পায়ে পায়ে কথা বলে ইতিহাস। অনেক ঐতিহাসিক ঘটনার, ওঠাপড়ার সাক্ষী হয়ে আজো সমান প্রাসঙ্গিক ভাবে দাঁড়িয়ে আছে এসব গঙ্গা তীরের ঘাট। উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলকে সেই অর্থে ‘ঘাটপাড়া’ বলা যায়। এখানে সারি দিয়ে গঙ্গার তীরে দাঁড়িয়ে ১০টি ঘাট। বাগবাজার অঞ্চলের বিখ্যাত বাগবাজার ঘাটের আরেক নাম হল ওল্ড পাউডার মিল ঘাট।
হুগলি নদীর পূর্ব (কলকাতা) ও পশ্চিম (হাওড়া) পাড়ে সার বেঁধে দাঁড়িয়ে আছে প্রায় শতাধিক গঙ্গার ঘাট। হুগলি নদীর তীরে ৪২টি ঘাটের দায়িত্বে রয়েছেন পোর্ট কমিশনার। এরমধ্যে কয়েকটি ঘাটের দেখভাল করেন পোর্ট কমিশন, অনেক ঘাটের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে কলকাতা পুর নিগম, রাজ্য সরকার ও হাওড়া পুরসভা। বাগবাজার অঞ্চলে গঙ্গার ঘাট শুরু হয় আনন্দ নিয়োগী লেনে অবস্থিত মায়ের ঘাট দিয়ে। এই ঘাটের পোশাকি নাম হল দুর্গাচরণ মুখোপাধ্যায় ঘাট। ১৮-১৯ শতকের কলকাতার ধনী ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান দুর্গাচরণ মুখোপাধ্যায়ের নামে এই ঘাট। এই ঘাটের দক্ষিণ দিকে রয়েছে রাজা নবকৃষ্ণ দেব ঘাট যা নির্মাণ করেন রাজা রাধাকান্ত দেব। ওয়ারেন হেস্টিংসের আরবি ও ফারসি ভাষার শিক্ষক ছিলেন রাজা নবকৃষ্ণ দেব। এছাড়াও ছিলেন বড়লাট হেনরি ভেরেলস্টর ঘনিষ্ঠ সহযোগী।
এই ঘাটের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে সুবিখ্যাত ‘বাগবাজার ঘাট’। ১৮ শতকে এই ঘাটের নাম ছিল ওল্ড পাউডার মিল ঘাট।
হটাৎ এমন একটা নামকরণ কেন করা হল?
নামকরণের কাহিনি বড়োই চিত্তাকর্ষক। ১৭৫৩ সালে ওয়ারেন হেস্টিংসের শ্বশুরমশাই কর্নেল সি এফ স্কট পেরিনস গার্ডেন বা পেরিন সাহেবের বাগান বলে চিহ্নিত একটি জমি কেনেন। সেখানে গান পাউডার বা বারুদের কারখানা তৈরি করেন। সেই হিসাবে এখনকার বাগবাজার স্ট্রিটের নাম হয় ওল্ড পাউডার মিল স্ট্রিট। ঘাটের নাম হয় ওল্ড পাউডার মিল ঘাট। বারুদের কারখানা তৈরির কয়েকদিনের মধ্যে মৃত্যু হয় কর্নেল সি এফ স্কটের। ১৭৫৫ সালে বারুদের কারখানার মালিকানা যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। এই ঘাটের কাছাকাছি আটকোণা দুর্গ তৈরি করে ব্রিটিশরা। ১৭৫৬ সালে কলকাতা আক্রমণ করেন নবাব সিরাজউদ-দৌল্লাহ। সে সময় এই দুর্গ ছিল ব্রিটিশদের সুরক্ষা বলয়ের প্রথম স্তর।






