বিনোদন

‘আবার হাওয়া বদল’-এর প্রিমিয়ারে ক্যামেরাবন্দি টলিপাড়ার এক অনন্য মুহূর্ত

এক অনন্য ও ক্যামেরাবন্দি মুহূর্তের সাক্ষী থাকল টলিপাড়া।

Truth of Bengal: রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক হাওয়া বদলের আবহে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল রুদ্রনীল ঘোষের নতুন ছবি ‘আবার হাওয়া বদল’। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নিজের ঘরের মাঠ শিবপুর কেন্দ্র থেকে জিতে সম্প্রতি বিধায়ক হয়েছেন রুদ্রনীল। আর জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর থেকেই টলিউডের কর্মসংস্কৃতির মানোন্নয়নে কোমর বেঁধে ‘অ্যাকশনে’ নেমে পড়েছেন এই অভিনেতা-রাজনীতিক। এই ব্যস্ততার মাঝেই শনিবার তিনি হাজির ছিলেন নিজের ছবির জমকালো প্রিমিয়ার অনুষ্ঠানে।

সেখানেই এক অনন্য ও ক্যামেরাবন্দি মুহূর্তের সাক্ষী থাকল টলিপাড়া। ‘আবার হাওয়া বদল’ ছবির নায়িকা রাইমা সেনের অভিনয়ের প্রশংসা করার পাশাপাশি উপস্থিত সকলে মজে রইলেন প্রবীণ অভিনেত্রী মুনমুন সেনের মন্তব্যে। মেয়ের ছবি দেখতে প্রিমিয়ারে হাজির হয়ে মুনমুন সেন স্পষ্ট জানিয়ে দেন, ছবিতে রাইমার জুড়িদার পরমব্রত চট্টোপাধ্যায় হলেও, তিনি নিজে আসলে মুগ্ধ রুদ্রনীল ঘোষের অভিনয় দক্ষতায় ও ক্যারিশ্মায়। রুদ্রনীলকে পাশে দাঁড় করিয়ে প্রবীণ অভিনেত্রী বলেন, “আমি ওকে আগেই বলেছিলাম, ও একজন দুর্দান্ত অভিনেতা। অভিনয়ের সময় রুদ্রনীল নিজের পুরো শরীর ব্যবহার করে। ধরুন কাউকে জড়িয়ে ধরার একটা দৃশ্য আছে যেখানে হয়তো ওর মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সেখানেও ওর হাত ঠিক কাঁপবে।”

স্নেহের এই ধারা এখানেই শেষ হয়নি। পুত্রসম রুদ্রনীলকে জড়িয়ে ধরে মুনমুন আরও যোগ করেন, “রুদ্রনীল যখন পর্দায় গান গাওয়ার দৃশ্যে অভিনয় করে, তখন ওর গলার শিরা পর্যন্ত ফুটে ওঠে।” এই কথা বলার পরপরই তারকা-বিধায়কের গাল টিপে স্নেহের চুম্বন এঁকে দেন মুনমুন সেন। প্রিমিয়ারের এই মিষ্টি ও আবেগঘন মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। আর এই আবহেই নেটপাড়ার একাংশ দুই শিল্পীর সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কথা মনে করিয়ে দিতে ভুলছেন না।

উল্লেখ্য, মুনমুন সেন একসময় তৃণমূল কংগ্রেসের অত্যন্ত জনপ্রিয় তারকা সাংসদ ছিলেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে জিতে তিনি সংসদে যান এবং ২০১৯ সাল পর্যন্ত দায়িত্ব সামলান। যদিও উনিশের লোকসভা ভোটে আসানসোল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন এবং তারপর থেকে নিজেকে সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই দূরে সরিয়ে রেখেছেন। এবার সেই প্রাক্তন তৃণমূল সাংসদ তথা গ্ল্যামার কুইন যখন বর্তমান বিজেপি বিধায়ক রুদ্রনীলকে প্রকাশ্য অনুষ্ঠানে আলিঙ্গন করে প্রশংসায় পঞ্চমুখ হলেন, তখন নেটদুনিয়ার সমবেত রায়— মানুষের স্নেহ আর শিল্পীর কদর আসলে কোনো রাজনৈতিক গণ্ডি বা ভেদাভেদ মানে না।

Related Articles