ভিনিসিয়াসের গোল বাতিল, হ্যাটট্রিকের স্বপ্ন ভাঙল মুহূর্তে, রেফারির সিদ্ধান্তে শুরু বিতর্ক
স্কটল্যান্ডের রক্ষণভাগে চাপ তৈরি করে জ্যাক হেনরির কাছ থেকে বল ছিনিয়ে নেন ভিনিসিয়াস।
Truth of Bengal:বিশ্বকাপে আগুনঝরা ছন্দে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। ৩ ম্যাচে ৪ গোল করে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ব্রাজিলের এই তারকা। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে একটি সিদ্ধান্ত তাঁর বিশ্বকাপ যাত্রাকে আরও স্মরণীয় হতে দেয়নি।
২২ মিনিটে ঘটে সেই ঘটনা। স্কটল্যান্ডের রক্ষণভাগে চাপ তৈরি করে জ্যাক হেনরির কাছ থেকে বল ছিনিয়ে নেন ভিনিসিয়াস। এরপর ঠান্ডা মাথায় গোলও করে ফেলেন। কিন্তু ভিডিও সহকারী প্রযুক্তির সাহায্য নিয়ে মেক্সিকান রেফারি সিজার রামোস গোলটি বাতিল করে দেন। তাঁর সিদ্ধান্ত ছিল, বল কাড়ার আগে ফাউল করেছিলেন ভিনিসিয়াস।
রামোস মাঠের পাশের মনিটরে রিপ্লে দেখে নিশ্চিত হন যে, ভিনির চ্যালেঞ্জে জ্যাক হেনরি ভারসাম্য হারিয়েছিলেন। সেই ব্যাখ্যাতেই গোলটি বাতিল করা হয়। কিন্তু ফুটবলবিশ্বের সবাই এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন।
বিবিসির বিশ্লেষক ড্যারেন ক্যান মনে করেন, ঘটনাটিতে ফাউলের কোনও উপাদানই ছিল না। তাঁর মতে, ভিনিসিয়াস স্বাভাবিক অবস্থানে ছিলেন এবং ডিফেন্ডার নিজেই সংস্পর্শে এসে পড়ে যান। তিনি এমনও বলেন যে স্কটল্যান্ড এই সিদ্ধান্তে বড় ধরনের সুবিধা পেয়েছে। প্রাক্তন ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস লেইভাও রেফারির সিদ্ধান্তে বিস্মিত। তাঁর মতে, ভিনিসিয়াসের প্রেসিং ছিল নিখুঁত এবং সেই গোল বৈধ হওয়া উচিত ছিল। লেইভার ভাষায়, ঘটনাটি ফাউল হওয়ার কোনও কারণই নেই।
অন্যদিকে প্রাক্তন স্কটিশ তারকা জেমস ম্যাকফাডেন রেফারির পক্ষেই অবস্থান নিয়েছেন। তিনি বলেন, রিপ্লে দেখলে বোঝা যায় জ্যাক হেনরি বল মারার মুহূর্তে বাধাপ্রাপ্ত হয়েছেন। সংস্পর্শ সামান্য হলেও সেটি তাঁকে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তাই গোল বাতিলের সিদ্ধান্তকে তিনি সঠিক বলে মনে করেন।
যদি গোলটি গণ্য হতো, তাহলে ম্যাচেই হ্যাটট্রিক পূর্ণ করতেন ভিনিসিয়াস। ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপে সেটিই হতো তাঁর প্রথম হ্যাটট্রিক। ম্যাচ শেষে সেই আক্ষেপের কথা স্বীকার করলেও ভিনিসিয়াস জানান, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই গোল বাতিলের কষ্ট থাকলেও জয় এবং ছন্দ ধরে রাখাতেই খুশি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।






