আইএসএল শুরুর আগেই ইস্টবেঙ্গলে যোগ স্প্যানিশ স্ট্রাইকার ইউসেফ এজেজ্জারি-র
এর আগে দুই স্ট্রাইকার হামিদ আহদাদ এবং হিরোশি ইবুসুকিকে ছেড়ে দিয়েছে ক্লাব, ফলে নতুন গোলদাতার খোঁজে ছিল ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ।
Truth Of Bengal: আইএসএল-এর আগে নিজেদের শক্তি বাড়াতে ইস্টবেঙ্গল পঞ্চম বিদেশি হিসেবে স্পেনের সেন্টার ফরোয়ার্ড ইউসেফ এজেজ্জারিকে দলে নিল লাল-হলুদ। এশিয়ার একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতা থাকা ৩২ বছরের এই স্ট্রাইকার আইএসএল শুরুর আগে বড় সংযোজন বলেই মনে করা হচ্ছে।
এর আগে দুই স্ট্রাইকার হামিদ আহদাদ এবং হিরোশি ইবুসুকিকে ছেড়ে দিয়েছে ক্লাব, ফলে নতুন গোলদাতার খোঁজে ছিল ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। ৯ নম্বর জার্সি পরে মাঠে নামবেন এজেজ্জারি। বক্সের মধ্যে তাঁর উপস্থিতি এবং হেড করার দক্ষতা দলকে বাড়তি সুবিধা দেবে বলে আশাবাদী ক্লাব। ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল থাংবোই সিংটো বলেন, ইউসেফ পরীক্ষিত ফুটবলার, গোল করতে দক্ষ। আমরা এমন একজনকেই খুঁজছিলাম, যে দলের আক্রমণকে নেতৃত্ব দিতে পারবে। আইএসএলে ও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই বিশ্বাস।
স্প্যানিশ স্ট্রাইকারকে পেয়ে সন্তুষ্ট কোচ অস্কার ব্রুজ়োও। তাঁর মতে, ইউসেফ আমাদের কৌশলগত সংযোজন। ওর আগমনে দলের শক্তি বাড়বে এবং আক্রমণভাগ আরও ধারালো হবে। আমরা আশা করছি, গোল করে দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বসিত এজেজ্জারি নিজেও। তিনি বলেন, ইস্টবেঙ্গলে যোগ দিতে পারা আমার জন্য গুরুত্বপূর্ণ। ক্লাবের ঐতিহ্য, সমর্থকদের ভালবাসা এবং দলের লক্ষ্য আমাকে আকৃষ্ট করেছে। গোল করার জন্যই এখানে এসেছি এবং দলের জন্য নিজের সবটা উজাড় করে দিতে চাই।






