মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দেওয়া সব OBC-A ও OBC-B শংসাপত্র বাতিল করল কলকাতা হাইকোর্ট!
বিষয়টি কলকাতা হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং পরে ফের হাই কোর্টে ফিরে আসে
Truth of Bengal: মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ইস্যু হওয়া সমস্ত OBC-A এবং OBC-B শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। এর ফলে রাজ্যে OBC-র পৃথক A ও B বিভাগ আর থাকছে না; কার্যত একটি OBC ক্যাটাগরিই বহাল থাকবে। OBC শংসাপত্র নিয়ে রাজ্যে দীর্ঘদিন ধরেই আইনি জটিলতা চলছিল। বিশেষ করে ২০১০ সালের পর ইস্যু হওয়া শংসাপত্রগুলি নিয়ে একাধিক অভিযোগ ওঠে। বিষয়টি কলকাতা হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং পরে ফের হাই কোর্টে ফিরে আসে। বুধবার সেই মামলার শুনানিতেই ২০১০ সালের পর জারি হওয়া OBC-A এবং OBC-B শংসাপত্র বাতিলের নির্দেশ দেওয়া হয়।
এরই মধ্যে রাজ্যে সরকার পরিবর্তনের পর OBC-A এবং OBC-B—এই দুই পৃথক ক্যাটাগরি তুলে দিয়ে একটিই OBC বিভাগ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বর্তমান বিজেপি সরকার। ফলে হাই কোর্টের সাম্প্রতিক রায়ের পর পুরনো দুই বিভাগের অধীনে থাকা শংসাপত্রগুলির ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। রায়ের প্রেক্ষিতে যাঁদের কাছে ওই সময়ের OBC-A বা OBC-B শংসাপত্র রয়েছে, তাঁদের সংরক্ষণ সংক্রান্ত অবস্থান কী হবে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। আদালতের নির্দেশ কার্যকর হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের সাধারণ ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হবে কি না, সে বিষয়েও প্রশাসনিক স্তরে পরবর্তী পদক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ২০১১ সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার OBC-কে A এবং B—এই দুই ভাগে ভাগ করেছিল। সেই সিদ্ধান্ত ঘিরেও রাজনৈতিক ও আইনি বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, নির্দিষ্ট কিছু সম্প্রদায়কে অতিরিক্ত সুবিধা দেওয়ার উদ্দেশ্যে এই শ্রেণিবিভাগ করা হয়েছিল।
পরবর্তী সময়ে কলকাতা হাই কোর্টে বিচারপতি মান্থার বেঞ্চ ওই শংসাপত্রগুলি বাতিলের নির্দেশ দেয়। তৎকালীন তৃণমূল সরকার সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায়। শীর্ষ আদালত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার পর মামলার শুনানি চলতে থাকে। এর মধ্যেই রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটে এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসে। নতুন সরকার সুপ্রিম কোর্টে চলা OBC সংক্রান্ত মামলা প্রত্যাহার করে নেয়। পরে শীর্ষ আদালতের নির্দেশে বিচারপতি রাজাশেখর মান্থার নেতৃত্বে বিশেষ বেঞ্চে মামলার শুনানি শুরু হয়। সেই ধারাবাহিকতারই সর্বশেষ পর্বে বুধবার ২০১০ সালের পর ইস্যু হওয়া সমস্ত OBC-A এবং OBC-B শংসাপত্র বাতিলের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। ফলে রাজ্যের সংরক্ষণ নীতি ও পুরনো শংসাপত্রগুলির বৈধতা নিয়ে নতুন অধ্যায়ের সূচনা হল।






