কলকাতা

১৭ আগস্ট থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা! বার্তা মুখ্যমন্ত্রীর

যাঁদের যাচাই প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে, তাঁদের অ্যাকাউন্টে নির্দিষ্ট সময়েই টাকা পৌঁছে যাবে

Truth of Bengal: আগামী ১৭ আগস্ট থেকেই যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে অন্নপূর্ণা যোজনার টাকা। বুধবার ফের একবার সেই কথা স্পষ্ট করে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, উপভোক্তাদের চূড়ান্ত যাচাই-বাছাইয়ের কাজ এখন শেষ পর্যায়ে। পূর্বঘোষণা অনুযায়ী ১৭ আগস্ট থেকেই ধাপে ধাপে টাকা পাঠানো হবে। মুখ্যমন্ত্রীর দাবি, অগ্রাধিকারের ভিত্তিতে ২৫ থেকে ৬০ বছর বয়সি সমস্ত যোগ্য মহিলাকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। যাঁদের যাচাই প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে, তাঁদের অ্যাকাউন্টে নির্দিষ্ট সময়েই টাকা পৌঁছে যাবে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্রে ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই সেই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়।

সরকারি হিসাব অনুযায়ী, জুন মাসে প্রায় ২৮ লক্ষ মহিলা এই প্রকল্পের অর্থ পেয়েছিলেন। জুলাই মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ১ কোটি ১৯ লক্ষে। মুখ্যমন্ত্রীর দাবি, আগস্টে উপভোক্তার সংখ্যা আরও বাড়বে। এই প্রসঙ্গে পূর্বতন তৃণমূল সরকারকেও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, আগের সরকারের আর্থিক সহায়তা প্রকল্পে উপভোক্তা যাচাই ও অর্থ পৌঁছতে দীর্ঘ সময় লাগত। বর্তমান সরকার দ্রুত যাচাই শেষ করে যোগ্য মহিলাদের হাতে প্রকল্পের টাকা পৌঁছে দিতে চায়।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, অর্থ দপ্তর জেলা ধরে ধরে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে। যাঁদের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে, তাঁদের প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকবে। ফলে অন্নপূর্ণা যোজনার অপেক্ষায় থাকা মহিলাদের জন্য ১৭ আগস্ট গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। সরকারের দাবি, যাচাই সম্পূর্ণ হওয়া যোগ্য উপভোক্তাদের পর্যায়ক্রমে এই প্রকল্পের আওতায় আনা হবে।

Related Articles