হাসিনার সঙ্গে একই স্ক্রিনে শাকিব! তীব্র ক্ষোভে ভাঙচুর প্রাক্তন অধিনায়কের পৈতৃক বাড়ি
বুধবার রাতে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত তাঁর বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে এবং আগুন ধরিয়ে দেয় একদল দুর্বৃত্ত।
Truth Of Bengal: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হামলার শিকার হলো দেশটির সাবেক জাতীয় ক্রিকেট অধিনায়ক ও আওয়ামী লীগ নেতা শাকিব আল হাসানের মাগুরার বাড়ি। অভিযোগ উঠেছে, বুধবার রাতে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত তাঁর বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে এবং আগুন ধরিয়ে দেয় একদল দুর্বৃত্ত। বাংলাদেশের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, ভারতে আয়োজিত শেখ হাসিনার ভার্চুয়াল সম্মেলনে শাকিবের উপস্থিতির কারণেই এই হামলার ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত পৌনে ৯টা নাগাদ বেশ কিছু লোক লাঠিসোঁটা নিয়ে শাকিবের বাড়ির সামনে জড়ো হয়। তারা বাড়ির জানলা লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে, যার ফলে বেশ কয়েকটি কাচ ভেঙে যায়। মাগুরা সদর থানার আধিকারিক আব্দুল্লাহ আল মামুন জানান, দুষ্কৃতীরা শাকিবের বাড়ির লোহার দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। তবে শিখা বেশি দূর ছড়ানোর আগেই তা নিভিয়ে ফেলা সম্ভব হয়। পেট্রোল বোমা ছোড়া হয়েছিল কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো প্রমাণ মেলেনি এবং এই ঘটনায় কেউ হতাহত হননি।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। বর্তমানে অপ্রীতিকর ঘটনা এড়াতে শাকিবের বাড়ির চারপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে হামলায় জড়িত কাউকেই এখনও গ্রেফতার করতে পারেনি প্রশাসন। সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য শাকিব আল হাসান দেশের সরকার পরিবর্তনের পর থেকেই প্রবাসে রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ঝুলছে। সাম্প্রতিক সময়ে বিসিবি ও সরকারের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে থাকা আইনি আইনি জটিলতা কাটিয়ে দেশে ফেরানোর আলোচনা চললেও, হাসিনার ভার্চুয়াল সভায় তাঁর আত্মপ্রকাশ নতুন করে ক্ষোভের জন্ম দিল বলে মনে করা হচ্ছে।






