কলকাতাবিনোদন

‘পদ্মশ্রী’ প্রসেনজিৎকে শুভেচ্ছা জানাতে ‘উৎসব’-এ সুকান্ত, উপহার দিলেন রামলালার প্রতিকৃতি

এই সম্মান ঘোষণার পর শনিবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে তাঁর বালিগঞ্জের বাসভবন ‘উৎসব’-এ পৌঁছন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

Truth Of Bengal: সিনেদুনিয়ায় দীর্ঘ চার দশকের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় সরকারের তরফে ২০২৬ সালের পদ্ম পুরস্কারপ্রাপকদের নাম ঘোষণা করা হয়, সেখানেই বাংলার মেগাস্টারের নাম উঠে আসে পদ্মশ্রী তালিকায়। এই খবরে উচ্ছ্বাসে ফেটে পড়ে টলিউড।

এই সম্মান ঘোষণার পর শনিবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে তাঁর বালিগঞ্জের বাসভবন ‘উৎসব’-এ পৌঁছন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সাংস্কৃতিক বিভাগের প্রধান তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। এদিন প্রসেনজিতের হাতে ফুলের তোড়া ও মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানান সুকান্ত মজুমদার। পাশাপাশি অভিনেতাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান তিনি এবং অযোধ্যার রামলালার প্রতিকৃতিও উপহার দেন।

ভোটের মুখে তারকার বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিকে ঘিরে রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ উঠলেও সেই দাবি নাকচ করেন সুকান্ত মজুমদার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “প্রসেনজিৎদার বাড়িতে আসার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। সব বিষয়ে রাজনীতি টেনে আনা উচিত নয়। যেমন ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনীতির জায়গা থাকা উচিত নয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা সিনেমার শ্রীবৃদ্ধি ঘটিয়েছেন বলেই তাঁকে পদ্ম সম্মানে ভূষিত করা হয়েছে।”

তিনি আরও জানান, বাংলা সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য এবং সেই কারণেই কেন্দ্রীয় সরকার তাঁকে এই সম্মান প্রদান করছে। শিল্পী হিসেবে তাঁর দীর্ঘ যাত্রা ও প্রভাবই এই স্বীকৃতির মূল কারণ।

পদ্মশ্রী সম্মান ঘোষণার সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হলে ছবি দেখতে ব্যস্ত থাকায় কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে পরে সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে আবেগঘন কণ্ঠে তিনি জানান, এই সম্মান তিনি প্রথমেই তাঁর মাকে উৎসর্গ করতে চান। তিনি বলেন, “আমার মা আমাদের মানুষ করেছেন, আমার সিনেযাত্রার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। চার দশকের এই যাত্রায় তাঁর অবদান অপরিসীম।”

এই সম্মান তিনি তাঁর পরিবার—বিশেষ করে ছেলে মিশুকের সঙ্গে ভাগ করে নিতে চান বলেও জানান অভিনেতা। পাশাপাশি অগণিত দর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রসেনজিৎ বলেন, দর্শকদের ভালোবাসা ছাড়া তিনি আজকের প্রসেনজিৎ হতে পারতেন না। পদ্মশ্রী সম্মানের খবর পাওয়ার পর বাবার সঙ্গে ফোনে কথা বলেন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেও।

Related Articles