খেলা

আয়ারল্যান্ডকে হারিয়ে ২০২৭ একদিনের বিশ্বকাপে জায়গা পাকা করল আফগানিস্তান

প্রথম ম্যাচের শেষ দিকে প্রবল বৃষ্টির কারণে সিরিজের সমীকরণ বদলে যায়।

Truth of Bengal: আয়ারল্যান্ডকে ৯২ রানে হারিয়ে ২০২৭ একদিনের বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিল আফগানিস্তান। ব্রেডি ক্রিকেট ক্লাব মাঠে ২য় একদিনের ম্যাচে দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে এই জয় তুলে নেয় আফগান দল। এই জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। একই সঙ্গে বিশ্বকাপের সরাসরি যোগ্যতা অর্জনের দৌড় থেকেও ছিটকে গেল আয়ারল্যান্ড।

প্রথম ম্যাচের শেষ দিকে প্রবল বৃষ্টির কারণে সিরিজের সমীকরণ বদলে যায়। সেই বৃষ্টিতে আয়ারল্যান্ডের সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের সম্ভাবনা কার্যত শেষ হয়ে গিয়েছিল। এরপর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের সামনে ছিল নিজেদের জায়গা নিশ্চিত করার সুযোগ। সেই সুযোগ কোনও ভাবেই হাতছাড়া করেনি তারা। প্রথমে ব্যাট করতে নেমে ভেজা উইকেট ও ভেজা মাঠের চ্যালেঞ্জ সামলাতে হয়েছে আফগান ব্যাটারদের। ৪৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৯ রান তোলে তারা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ইব্রাহিম জাদরান।

৯৭ বলে ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। জবাবে আয়ারল্যান্ড শুরুটা বেশ ভালই করেছিল। কেড কারমাইকেল ৬২ রান করেন। অ্যান্ডি বালবির্নি করেন ৩৬ রান। কিন্তু রশিদ খান বল হাতে আসতেই পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। রশিদের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। লরকান টাকার সরাসরি থ্রোয়ে রান আউট হওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিক দল। মাত্র ৭.৪ ওভারে ৩৪ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন রশিদ। এটি একদিনের ক্রিকেটে তাঁর তৃতীয় ৬ উইকেটের কীর্তি। শেষ পর্যন্ত ২০৭ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ফলে ৯২ রানের বড় জয় পায় আফগানিস্তান।

এই জয়ের পর ২০২৭ বিশ্বকাপের সরাসরি যোগ্যতা অর্জন করা দলের সংখ্যা দাঁড়াল ৯। আফগানিস্তানের সঙ্গে শ্রীলঙ্কা, কেনিয়া, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ভারত ও জিম্বাবোয়ে ইতিমধ্যেই জায়গা নিশ্চিত করেছে। বাকি ৩টি জায়গার জন্য ১০ দলের যোগ্যতা নির্ধারণী প্রতিযোগিতা হবে। আয়ারল্যান্ডকেও সেই লড়াইয়ের পথেই যেতে হবে।

Related Articles