খেলা

সৌরভ-ডোনাকে খু*নের হুমকি দিয়ে চিঠি! পুলিশের দ্বারস্থ প্রাক্তন ভারত অধিনায়ক

বেহালার বাড়িতে বসে আসছে একের পর এক হুমকি চিঠি! প্রাণহানির আশঙ্কায় রাতারাতি পুলিশের দ্বারস্থ সৌরভ-ডোনা!

Truth of Bengal: প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক তথা সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত কয়েক মাস ধরেই মহারাজের বেহালার ঠাকুরপুকুর অঞ্চলের ঠিকানায় একের পর এক বেনামী ও রহস্যময় চিঠি আসছিল। প্রথমদিকে বিষয়টি অনুরাগী বা ভক্তদের পাঠানো সাধারণ চিঠি ভেবে এড়িয়ে যাওয়া হলেও, সাম্প্রতিক একটি চিঠি খোলার পর পুরো ঘটনা মারাত্মক মোড় নেয়।

পুলিশ সূত্রে খবর, গত প্রায় ছয় মাস ধরে ক্রমাগত এই ধরনের হুমকি চিঠি আসছিল। শুরুতে সৌরভ বা তাঁর পরিবারের সদস্যরা এই বিষয়টিকে খুব একটা প্রাধান্য দেননি। প্রতিদিনের বিশাল চিঠিপত্রের ভিড়ে সাধারণ চিঠি ভেবেই সেগুলি না খুলে রেখে দেওয়া হয়েছিল। কিন্তু গত সোমবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের কার্যালয়ে একটি নতুন চিঠি পৌঁছায়। কৌতূহলবশত চিঠিটি খোলা হতেই শিউরে ওঠেন কর্মচারীরা।

পুরো চিঠিটি ইংরেজিতে লেখা হলেও তার হরফ ছিল অত্যন্ত ক্ষুদ্র এবং অস্পষ্ট, যা সহজে পাঠোদ্ধার করাও কঠিন ছিল। চিঠি পাঠ করে স্পষ্ট জানা যায় যে, সেখানে অত্যন্ত কড়া ভাষায় সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে শারীরিক ক্ষতির পাশাপাশি ‘খুন’ করার সরাসরি হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতা চিঠিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বেহালার বাড়িতে ঢুকে তাঁদের হত্যা করা হবে। এমনকি সৌরভের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিরাও এই আক্রমণের হাত থেকে রেহাই পাবেন না বলেও দাবি করা হয়েছে।

চিঠির বিষয়বস্তু জানার পর আর কোনও ঝুঁকি নিতে রাজি হননি সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের ও পরিবারের নিরাপত্তার কথা মাথায় রেখে তিনি অবিলম্বে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর তরফ থেকে উচ্চপদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে কলকাতার ঠাকুরপুকুর থানায় একটি আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করা হয়।

ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশ ইতিম্যধ্যে চাঞ্চল্যকর তথ্য খুঁজে পেয়েছে। প্রাথমিক তদন্ত ও সূত্র মারফত জানা গিয়েছে, বেলঘরিয়া এলাকা থেকে একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চিঠিগুলি ক্রমাগত পাঠানো হত। পুলিশ সেই নির্দিষ্ট কুরিয়ার কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং চিঠি পাঠানো ব্যক্তির ফোনের সিম কার্ডের গতিবিধির ট্র্যাকিং শুরু করেছে। পুলিশের দাবি, আজকেও ঠিক একই পদ্ধতিতে সৌরভের নামে আরও একটি সন্দেহজনক চিঠি কুরিয়ার করা হয়েছে। কে বা কারা এই মারাত্মক ঘটনার নেপথ্যে রয়েছে এবং এর পেছনে কোনও গভীর ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত জোরকদমে চলছে।

Related Articles