Truth Of Bengal: মাত্র এক বছর আগে জার্মানির জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন সেই দলের অন্যতম খেলোয়াড় টমাস মুলার। তারপর ক্লাব ফুটবলে বায়ার্নের হয়ে খেলে চলেছিলেন মুলার। এবার মরসুম শেষে তাঁর প্রিয় ক্লাব বায়ার্ন মিউনিখের সঙ্গে সম্পর্ক শেষ হতে চলেছে মুলারের। এই সিদ্ধান্তের পরই শেষ হবে দীর্ঘ ২৫ বছরের একটি সম্পর্কের।
২০০০ সালে মাত্র ১০ বছর বয়সে বায়ার্ন মিউনিখের অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন মুলার। তারপর সেখান থেকেই ধীরে ধীরে তাঁর এই উত্থান। তারপর সিনিয়র দলে প্রবেশ। বায়ার্নের জার্সি গায়ে বহু খেতাব জয়ের অন্যতম সঙ্গী মুলার। দীর্ঘ ২৫ বছর এই ক্লাবের জার্সি গায়ে বহু ঝড় সামলেছেন তিনি। বায়ার্নের জার্সি গায়ে ৭৪৩টি ম্যাচে ২৪৭টি গোল রয়েছে তাঁর।
মূলত মিডফিল্ডার পজিশনে খেললেও, অনেক সময় মুলারকে দেখা গিয়েছে দ্বিতীয় স্ট্রাইকারের ভূমিকাও পালন করতে। বায়ার্নের সিনিয়র দলের জার্সি গায়ে মুলার মোট ৩৩টি খেতাব জয় করেছেন। তার মধ্যে রয়েছে দুবার চ্যাম্পিয়ন লিগ এবং ১২ বার বুন্দেশলিগা জয়ের নজির। মুলার বায়ার্নের হয়ে ফুটবলার হিসাবে তাঁর শেষ ম্যাচ খেলবেন ক্লাব বিশ্বকাপ ফুটবলে। যা আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত।
এরপর জার্মান মিডিও বলেন, ‘বায়ার্নের মত ক্লাবের জার্সি গায়ে দীর্ঘ বছর খেলার অভিজ্ঞতা দারুণ। বায়ার্ন আমার অন্যতম প্রিয় ক্লাব। আবার এই ক্লাবের হয়েই আমার ফুটবলার জীবনের শুরু। আজ আমি ফুটবলার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছি, তার জন্য বায়ার্নের অবদান অনস্বীকার্য। আমি আজীবন কৃতজ্ঞ থাকব বায়ার্ন মিউনিখের ওপর। এবং এই নয় যে, আমার সঙ্গে আমার প্রিয় ক্লাবের যোগাযোগ বিচ্ছন্ন হয়ে যাবে। আমি সবসময়ই চেষ্টা করব ক্লাবের সঙ্গে যোগাযোগ রেখে চলার।’
এদিকে মুলারের সম্বন্ধে বলতে গিয়ে বায়ার্ন প্রেসিডেন্ট হার্বাট হেইনার জানান, ‘মুলার হলেন বাভারিয়ান রূপকথার ক্যারিয়ারের সংজ্ঞা। বায়ার্নের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলারদের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবেন টমাস মুলারের নাম।






