কলকাতা

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর বৃষ্টিতে ফসলের বিপুল ক্ষতি! কৃষকদের পাশে নবান্ন, চালু হেল্পলাইন নম্বর

এই পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির হিসাব জানতে এবার তৎপর হল রাজ্য সরকার

Truth of Bengal: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। লাগাতার বৃষ্টির জেরে বিভিন্ন এলাকায় চাষের জমিতে জল জমে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল। মাথায় হাত পড়েছে কৃষকদের। এই পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির হিসাব জানতে এবার তৎপর হল রাজ্য সরকার। কোন জেলায় কতটা ফসল নষ্ট হয়েছে, তার বিস্তারিত তথ্য চেয়ে সমস্ত জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে নবান্ন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে সরাসরি তথ্য সংগ্রহের জন্য চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বরও।

নবান্ন সূত্রে খবর, বৃষ্টির কারণে কৃষিক্ষেত্রে কতটা ক্ষতি হয়েছে, তার পূর্ণাঙ্গ চিত্র পেতে চাইছে রাজ্য সরকার। সেই কারণে জেলা প্রশাসনকে দ্রুত ক্ষয়ক্ষতির পরিসংখ্যান সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। কোন এলাকায় কত জমির ফসল নষ্ট হয়েছে, কোন ধরনের চাষ সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে এবং কৃষকদের আর্থিক ক্ষতির পরিমাণ কত, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখতে বলা হয়েছে। শুধু প্রশাসনিক স্তরেই নয়, ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকেও সরাসরি অভিযোগ ও তথ্য নেওয়ার উদ্যোগ করেছে সরকার। কৃষকরা নিজেদের জমি ও ফসলের ক্ষয়ক্ষতির বিবরণ জানাতে পারবেন ১৪৪৪৭ নম্বর হেল্পলাইনে ফোন করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেও ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বাস্তব পরিস্থিতি সরাসরি জানার সুযোগ পাবে প্রশাসন।

কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলেই বিভিন্ন জেলায় ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে সরেজমিনে সমীক্ষা শুরু হবে। সেই সমীক্ষায় ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ, নষ্ট হওয়া ফসলের ধরন এবং কৃষকদের আর্থিক লোকসানের হিসাব সংগ্রহ করা হবে। এরপর দ্রুত সেই রিপোর্ট রাজ্য সরকারের কাছে পাঠাতে হবে জেলা প্রশাসনকে। আসলে কৃষকদের ক্ষতির পরিমাণ সঠিকভাবে নির্ধারণ না করে পরবর্তী পদক্ষেপ করতে চাইছে না নবান্ন। তাই একদিকে জেলাশাসকদের মাধ্যমে তথ্য সংগ্রহ, অন্যদিকে হেল্পলাইনের সাহায্যে কৃষকদের সরাসরি বক্তব্য শোনার ব্যবস্থা করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগে যাঁদের চাষের ক্ষতি হয়েছে, তাঁদের পরিস্থিতি পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার।

Related Articles