খেলা

আইপিএলের আগে বড় ধাক্কা দিল্লি ক্যাপিটালসে: অনিশ্চিত স্টার্ক-হ্যাজলউড-কামিন্স

স্টার্ক ছাড়াও জশ হ্যাজলউড এবং প্যাট কামিন্সেরও চোট রয়েছে

Truth Of Bengal: হাতে গোনা কয়েক দিন পর শুরু হচ্ছে আইপিএল, কিন্তু চোট-আঘাতের সমস্যায় উদ্বিগ্ন দিল্লি ক্যাপিটালস। এমনিতেই দলের অন্যতম প্রধান জোরে বোলার মিচেল স্টার্ক শুরুর দিকে মাঠে থাকবেন না। ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁর আইপিএলে খেলার অনুমতি এখনও দিচ্ছে না। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে ঝুঁকি নিতে চাইছেন না অস্ট্রেলিয়ার কর্তারা।

স্টার্ক ছাড়াও জশ হ্যাজলউড এবং প্যাট কামিন্সেরও চোট রয়েছে। ফলে আইপিএলের শুরুতে এই তিন জন বোলারই দলে খেলতে পারবেন না। অস্ট্রেলিয়ার একজন কর্মকর্তা জানান, ‘আগামী ১২ মাসে আমাদের টেস্ট ক্রিকেটারদের প্রায় ২১টি ম্যাচ খেলতে হবে। ভারত, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সফর-সহ এক দিনের বিশ্বকাপও রয়েছে। তাই আমরা ঝুঁকি নিতে চাই না। তিন জনের চোটের পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে কখন মাঠে নামবেন।’

গত অ্যাশেজ সিরিজে স্টার্ক পাঁচটি টেস্ট খেলেছেন এবং গত ১২ মাসে লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি বল করেছেন। গত মরশুমে ১১ কোটি ৭৫ লাখ টাকায় তাঁকে কিনেছিল দিল্লি। ১১ ম্যাচে ১৪ উইকেট নেন তিনি, যেখানে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এক ম্যাচে নেন পাঁচ উইকেট।

স্টার্কের অনুপস্থিতি দলের বোলিং আক্রমণে বড় শূন্যতা তৈরি করবে, কিন্তু স্বাস্থ্য ও আন্তর্জাতিক সূচি মাথায় রেখে অস্ট্রেলিয়া ধীরে এগোচ্ছে। এই আইপিএল শুরুতে দিল্লির বোলিং চ্যালেঞ্জের মুখোমুখি হবে।

 

Related Articles