আফগান ছাড়ার চাপ, ভারত-অস্ট্রেলিয়ার নাগরিকত্ব প্রত্যাখ্যান করলেন রশিদ খান
রশিদের স্পষ্ট বার্তা, তাঁর কাছে সবার আগে নিজের দেশের প্রতিনিধিত্ব।
Truth of Bengal: ভারত ও অস্ট্রেলিয়া— দুই দেশই তাঁকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছিল। এমনকী সংশ্লিষ্ট দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার কথাও বলা হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীতে এমনই বিস্ফোরক দাবি করেছেন তিনি। রশিদের স্পষ্ট বার্তা, তাঁর কাছে সবার আগে নিজের দেশের প্রতিনিধিত্ব।
সম্প্রতি প্রকাশিত আত্মজীবনী ‘রশিদ খান: ফ্রম স্ট্রিটস টু স্টারডম’-এ রশিদ জানিয়েছেন, ২০২৩ সালের আইপিএল চলাকালীন তাঁর কাছে এই প্রস্তাব আসে। এক প্রভাবশালী ক্রিকেট ব্যক্তিত্ব তাঁকে ভারতে স্থায়ীভাবে থাকার এবং ভারতীয় দলের হয়ে খেলার প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি রশিদের।রশিদ বইয়ে লিখেছেন, ‘আমি তাঁর সঙ্গে দেখা করে কুশল বিনিময় করি। কথা বলতে বলতে তিনি বলে ওঠেন, ‘তোমাদের দেশের অবস্থা খুব খারাপ। তুমি ভারতে চলে আসো। আমরা তোমাকে ভারতীয় নথি দেব। এখানে থেকো। এখানেই ক্রিকেট খেলো।’ আমি অবাক হয়ে গিয়েছিলাম। কী বলব বুঝতে পারছিলাম না। তবে হেসে বলেছিলাম, ‘ধন্যবাদ। আমি আমার দেশ আফগানিস্তানের হয়ে খেলছি।’ রশিদ আরও দাবি করেছেন, শুধু ভারত নয়, অস্ট্রেলিয়া থেকেও তিনি একই ধরনের প্রস্তাব পেয়েছিলেন। তবে কোনও প্রস্তাবেই তিনি রাজি হননি। তাঁর কথায়, ‘ভারত ও অস্ট্রেলিয়া— দুই দেশ থেকেই এমন প্রস্তাব পেয়েছি। কিন্তু আমি বলেছি, ‘যদি নিজের দেশের হয়ে না খেলি, তাহলে অন্য কোনও দেশের হয়েও খেলব না।’
অন্যদিকে, আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ ঘানি রশিদকে দেশের গর্ব বলে উল্লেখ করেছিলেন। পরে রশিদও ঘানিকে ধন্যবাদ জানিয়ে দেশের প্রতি নিজের দায়বদ্ধতার কথা তুলে ধরেন। বর্তমানে আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন রশিদ খান। চলতি মরসুমে এখনও পর্যন্ত তিনি ৫ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট।





