খেলা

আইপিএল ফাইনাল কোথায়? মেগা ম্যাচ নিয়ে চূড়ান্ত টানাপড়েনে বিসিসিআই

চিন্নাস্বামী স্টেডিয়ামই এগিয়ে থাকার কথা

Truth of Bengal: আইপিএলের গ্রুপ পর্বের সূচি প্রকাশ হলেও এখনও স্পষ্ট নয় প্লে-অফের চারটি ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে। কোন মাঠে হবে এবারের ফাইনাল— তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে ক্রিকেটমহলে। বোর্ড এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না জানালেও সূত্রের খবর, দু’টি ভেনু এই দৌড়ে এগিয়ে রয়েছে— বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম এবং পঞ্জাবের নিউ চণ্ডীগড়ের মাঠ।আইপিএলের গভর্নিং কাউন্সিল ইতিমধ্যেই সম্ভাব্য ভেনু নিয়ে আলোচনা শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কোনও স্টেডিয়ামকে আনুষ্ঠানিকভাবে বেছে নেওয়া হয়নি। তবুও আগের রীতি মেনে অনেকেই মনে করছেন, গতবারের চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠেই ফাইনাল হওয়ার সম্ভাবনা বেশি। সেই হিসাবে চিন্নাস্বামী স্টেডিয়ামই এগিয়ে থাকার কথা।

কিন্তু এই সিদ্ধান্ত এত সহজ নয়। গতবার চ্যাম্পিয়ন হওয়ার পর বেঙ্গালুরুতে উদযাপনের সময় ভয়াবহ দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর থেকেই নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে বাড়তি সতর্কতা নিয়েছে বোর্ড। চিন্নাস্বামীকে ঘিরে তাই একাধিক শর্ত আরোপ করা হয়েছে। মাঠে পরপর ম্যাচ আয়োজন, দর্শক সামলানো, দলগুলির থাকার ব্যবস্থা— সব কিছু খতিয়ে দেখা হচ্ছে নতুন করে। শুধু ম্যাচ নয়, ফাইনালের আগে সমাপ্তি অনুষ্ঠানও আয়োজন করতে হয়। সেই আয়োজন নিরাপদভাবে করা সম্ভব কি না, সেটাও বোর্ডের বড় চিন্তার বিষয়। এই সব কারণেই চিন্নাস্বামীতে ফাইনাল আয়োজন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না কর্তৃপক্ষ।

অন্যদিকে, বিকল্প হিসাবে উঠে এসেছে নিউ চণ্ডীগড়ের নাম। পরিকাঠামো ও নিরাপত্তার দিক থেকে এই মাঠও যথেষ্ট শক্তিশালী বলে মনে করা হচ্ছে। ফলে প্লে-অফের ম্যাচ আয়োজনের ক্ষেত্রে এই ভেনুও গুরুত্ব পাচ্ছে। এবারের আইপিএলে বেঙ্গালুরু নিজেদের কয়েকটি ম্যাচ খেলবে ঘরের মাঠে, আর বাকি ম্যাচ অন্যত্র সরানো হয়েছে। একইভাবে পঞ্জাবও তাদের হোম ম্যাচ দু’টি ভিন্ন ভেনুতে খেলছে। তাই প্লে-অফের জন্য নিরপেক্ষ ও নিরাপদ ভেনু বেছে নেওয়াই এখন বোর্ডের মূল লক্ষ্য। সব মিলিয়ে, আইপিএলের সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি ম্যাচ কোথায় হবে তা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। চিন্নাস্বামী না নিউ চণ্ডীগড়— শেষ পর্যন্ত কোন মাঠে বসবে ফাইনালের আসর, সেটাই এখন বড় প্রশ্ন।

Related Articles