রাজ্যের খবর

বালুরঘাটে বিজেপি প্রার্থীদের জোরকদমে প্রচার

নির্বাচনের সাথে উত্তপ্ত হচ্ছে বালুরঘাট

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হচ্ছে বালুরঘাটের রাজনৈতিক ময়দান। শুক্রবার সকালে বালুরঘাট ব্লকের দুই প্রান্তে জোরকদমে প্রচারে নামতে দেখা গেল বিজেপির দুই প্রার্থী— বালুরঘাটের বিদ্যুৎ কুমার রায় এবং তপনের বুধরাই টুডুকে।

বালুরঘাট শহরের পাওয়ার হাউস বাজার এলাকায় সকাল থেকেই জনসংযোগে ব্যস্ত ছিলেন বিদ্যুৎ। বাজারের ব্যবসায়ীদের হাতে লিফলেট তুলে দেওয়া থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথোপকথন— সবেতেই ছিল তাঁর উপস্থিতি। বয়স্কদের প্রণাম জানিয়ে ‘ঘরের ছেলে’ ইমেজ তুলে ধরার চেষ্টা করেন তিনি। স্থানীয়দের একাংশও তাঁকে কাছে পেয়ে সন্তোষ প্রকাশ করেন। বলে রাখা প্রয়োজন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই আসন থেকে বিজেপির জয় এনে দিয়েছিলেন অর্থনীতিবিদ অশোক লাহিড়ী। সেই আসন ধরে রাখতে এ বার নতুন মুখ বিদ্যুৎ কুমার রায়ের উপরেই ভরসা রেখেছে দল। তাই শুরু হয়ে গিয়েছে প্রচার পর্ব। প্রার্থী বদল হলেও লড়াই যে সহজ হবে না, তা স্পষ্ট রাজনৈতিক মহলের একাংশের মতে।

অন্যদিকে, পতিরাম বাজারে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে নামেন তপন বিধানসভার প্রার্থী বুধরাই টুডু। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি মণ্ডল সভাপতি ছোটন চক্রবর্তী-সহ অন্যান্য নেতারা। প্রচারের ফাঁকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগ শোনেন বুধরাই। তিনি বলেন, ‘দল আমাকে দ্বিতীয়বার প্রার্থী করে বড় দায়িত্ব দিয়েছে। শুরুতে অল্প কয়েকজন নিয়ে প্রচার শুরু হলেও এখন অনেকেই পাশে দাঁড়াচ্ছেন। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।’ দিনভর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা জানিয়ে বিদ্যুৎ বলেন, ‘মানুষের ভাল সাড়া মিলছে। প্রচার আরও জোরদার করা হবে।’ সব মিলিয়ে, ভোটের আগে বালুরঘাটে যে জোরকদমে প্রচার শুরু হয়েছে, তা নিয়ে কোনও সংশয় নেই।

Related Articles