খেলা

East Bengal: চ্যাম্পিয়নদের কাছে হার! ইউহান জিয়াংদার কাছে ২-০ গোলে হার ইস্টবেঙ্গল মহিলা দলের

গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে শুরুতেই দুই গোল হজম করে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে হার মানতে হল ইস্টবেঙ্গলকে।

Truth of Bengal: ইরানের বাম খাতুন এফসি-কে হারিয়ে   প্রথম ম্যাচে ভালোই সূচনা করেছিল ইস্টবেঙ্গল মহিলা দল। বৃহস্পতিবার ইউহান জিয়াংদাকে আটকাতে পারলেই এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত হত লাল-হলুদের। তবে গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে শুরুতেই দুই গোল হজম করে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে হার মানতে হল ইস্টবেঙ্গলকে।গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নাসাফের বিরুদ্ধে ড্র করে চাপেই ছিল ইউহান জিয়াংদা। কিন্তু ঘরের মাঠে খেলার সুবিধা এবং প্রথম একাদশে ইয়াও ইয়েউ, উই হাইয়ান ও ওয়াং শুয়াংয়ের মতো তারকাদের প্রত্যাবর্তনে আরও শক্তিশালী হয়ে ওঠে চিনা ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল তারা।ম্যাচের ৭ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ওয়াং শুয়াং। ১৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান তিনিই। টানা দুই গোলের ধাক্কায় ম্যাচে থিতু হতে বেশ বেগ পেতে হয় ইস্টবেঙ্গলকে। মাঝমাঠ পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল ইউহান জিয়াংদার। ৩৩ মিনিটে প্রথম কর্নার পেলেও সেটি থেকে গোল আসেনি লাল-হলুদের। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে চৈনিক চ্যাম্পিয়নদের পক্ষে, আর বল দখলের ৬৬ শতাংশই ছিল তাদের।

বিরতির পর ব্যবধান বাড়াতে বারবার চেষ্টা করে ইউহান জিয়াংদা। তবে গোলকিপার এলাংবাম পান্থই-র একাধিক সেভে বেঁচে যায় ইস্টবেঙ্গল। ৬৬ মিনিটে গোললাইন সেভ করে নিশ্চিত গোল বাঁচান লাল-হলুদ ডিফেন্ডার। শেষ পর্যন্ত আর কোনও গোল হয়নি। গত ম্যাচে আশা জাগানো পারফরম্যান্সের পর চ্যাম্পিয়ন ইউহান জিয়াংদার বিরুদ্ধে লড়াই করে হার মানল ইস্টবেঙ্গল। গ্রুপের আর একটি ম্যাচ বাকি থাকায় শেষ আটে ওঠার সম্ভাবনা সেই ম্যাচের ফলেই নির্ধারিত হবে।

Related Articles