দীর্ঘ বিরতির পর এশিয়ার মঞ্চে ইস্টবেঙ্গল, গ্রুপে তিন শক্তিশালী চ্যাম্পিয়নের চ্যালেঞ্জ
ভারতীয় সুপার লিগের ২০২৫-২৬ মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার পর ইস্টবেঙ্গল এশিয়ার মঞ্চে নিজেদের জায়গা পাকা করে।
Truth of Bengal: দীর্ঘ ১১ বছর পর এশিয়ার দ্বিতীয় স্তরের ক্লাব প্রতিযোগিতার গ্রুপ পর্বে ফিরছে ইস্টবেঙ্গল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর ২০২৬-২৭ মরশুসুমে গ্রুপ ডি-তে কলকাতার ক্লাবটির প্রতিপক্ষ জর্ডনের আল হুসেইন, ইরাকের আল শর্তা এবং ওমানের আল সিব। মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্রয়ে নির্ধারিত হয়েছে এই গ্রুপ।
ভারতীয় সুপার লিগের ২০২৫-২৬ মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার পর ইস্টবেঙ্গল এশিয়ার মঞ্চে নিজেদের জায়গা পাকা করে। তবে মূল গ্রুপ পর্বে পৌঁছতে প্রাথমিক বাধাও পেরোতে হয়েছে তাদের। কুয়েতের আল আরাবির বিরুদ্ধে ৪-১ গোলের দুর্দান্ত জয় এনে দেয় গ্রুপ পর্বের ছাড়পত্র।
এশিয়ার দ্বিতীয় স্তরের এই প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলের এটি নবম গ্রুপ পর্বের উপস্থিতি। তবে শেষবার এই পর্যায়ে খেলেছিল ২০১৫ সালে। তখন প্রতিযোগিতার নাম ছিল এএফসি কাপ। এতদিন পর আবার মহাদেশীয় প্রতিযোগিতায় ফিরে তাই নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে।
গ্রুপ ডি-র তিন প্রতিপক্ষই নিজেদের দেশের শক্তিশালী দল। আল হুসেইন গত মরসুমে জর্ডনের প্রো লিগ জিতেছে। আল শর্তা ইরাকের তারকা লিগে দ্বিতীয় হয়েছে। অন্যদিকে আল সিব ওমানের পেশাদার লিগের চ্যাম্পিয়ন। অর্থাৎ ইস্টবেঙ্গলের গ্রুপে থাকা তিন দলই সাম্প্রতিক সময়ে ঘরোয়া ফুটবলে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে।
এই প্রতিযোগিতায় মোট ৩২টি দলকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে ৪টি দল। গ্রুপের প্রথম দু’টি দল উঠবে শেষ ষোলোয়। ফলে ইস্টবেঙ্গলের কাছে প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
গ্রুপ পর্বে প্রতিটি প্রতিপক্ষের বিরুদ্ধে দু’টি করে ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। একটি হবে নিজেদের মাঠে, অন্যটি প্রতিপক্ষের মাঠে। মোট ৬টি ম্যাচের এই লড়াই শুরু হবে ১৫ সেপ্টেম্বর। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ৯ ডিসেম্বর। এরপর ৯ থেকে ১৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে শেষ ষোলোর লড়াই। মার্চে কোয়ার্টার ফাইনাল, এপ্রিলে সেমিফাইনাল এবং ১৫ মে হবে ফাইনাল। দীর্ঘ অপেক্ষার পর এশিয়ার মঞ্চে ফেরা ইস্টবেঙ্গলের সামনে এখন বড় লক্ষ্য— গ্রুপের কঠিন প্রতিদ্বন্দ্বীদের টপকে শেষ ষোলোয় জায়গা করে নেওয়া।






