রাজ্যের খবর

“ভাইদের রক্ত ঝরছে, রাস্তায় নামতে হবে!”, অশান্ত বাংলাদেশ নিয়ে সরব শমীক ভট্টাচার্য

“নেতাজি প্রধানমন্ত্রী হলে কিছুতেই দেশভাগ হতে দিতেন না!” বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও ইতিহাস টেনে নেহরু-ইন্দিরাকে নিশানা শমীকের

Truth of Bengal: প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাম্প্রতিক অগ্নিগর্ভ পরিস্থিতি এবং সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের ঘটনা নিয়ে এবার সরাসরি রাস্তায় নামার ডাক দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, ভাষা নয়, বরং ধর্মের ভিত্তিতেই অখণ্ড ভারত দ্বিখণ্ডিত হয়েছিল এবং সেই ক্ষত আজও বয়ে চলেছে বাংলাদেশ। ওপার বাংলায় হিন্দুদের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শমীক বলেন, “বাংলাদেশে রক্ত ঝরছে আমাদের ভাইদের। বাঙালি হিন্দু হয়ে বলছি, আমাদের রাস্তায় নামতে হবে।”

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দু’বছর পর আগামী ডিসেম্বরে বিজয় দিবসের প্রাক্কালে শেখ হাসিনার দেশে ফেরার জল্পনাকে কেন্দ্র করে বর্তমানে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লিগের চোরাগোপ্তা হামলা এবং তা রুখতে পুলিশ প্রশাসনের পাল্টা দমনপীড়নে পরিস্থিতি জটিল আকার নিয়েছে। শেখ হাসিনার সংসদীয় এলাকা গোপালগঞ্জ এবং হিন্দু অধ্যুষিত নড়াইলে বিএনপি নেতাদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও দু’পক্ষের সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এই অশান্তির আঁচ এসে পড়েছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর। অন্যদিকে, হাসিনা ও আওয়ামী লিগকে রুখতে বিরোধী দল জামাতের হাত ধরেছে শাসক বিএনপি এবং তারেক রহমান সরকারের তরফে অভিযোগ তোলা হয়েছে যে, এই অশান্তির নেপথ্যে দিল্লির ইন্ধন রয়েছে, যদিও ভারতের বিদেশমন্ত্রক সেই অভিযোগ একবাক্যে উড়িয়ে দিয়েছে।

এই প্রেক্ষাপটে রবিবার রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি ইতিহাস টেনে কংগ্রেস নেতৃত্ব ও দেশভাগকে নিশানা করেন। শমীক বলেন, “বাংলাদেশে হিন্দু নির্যাতন ও অশান্তি নিয়ে যা বলার ভারতের বিদেশমন্ত্রকই বলবে। কিন্তু একজন হিন্দু বাঙালি হিসেবে আমি বলতে চাই, বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত। ইন্দিরা গান্ধী ও জওহরলাল নেহরুদের ভুল বুঝিয়ে ব্রিটিশরা এই দেশ ভাগ করেছিল। ভাষা বা দ্বিজাতি তত্ত্ব নয়, পুরোপুরি ধর্মের ভিত্তিতেই দেশভাগ হয়েছিল।”

নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রসঙ্গ টেনে রাজ্য বিজেপি সভাপতি আরও মন্তব্য করেন, “সেদিন যদি নেতাজি প্রধানমন্ত্রী থাকতেন, তবে তিনি স্পষ্ট বলতেন যে দ্বিজাতি তত্ত্ব তিনি মানেন না। তিনি এক রাষ্ট্রের নীতিতে বিশ্বাসী ছিলেন, তাই কিছুতেই ভারত-বাংলাদেশ-পাকিস্তান হতে দিতেন না। কিন্তু তৎকালীন নেতৃত্ব মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছিল।” শমীকের এই আহ্বানের পর ওপার বাংলার হিন্দুদের প্রতি সংহতি জানিয়ে দু’বছর আগের মতো এপার বাংলাতেও ফের বড়সড় প্রতিবাদ আন্দোলন শুরু হতে চলেছে কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Related Articles