ওপার বাংলার অশান্তিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী! সোমবারই কথা বলবেন বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে
“বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র, যা ঘটছে তা অত্যন্ত বেদনাদায়ক!” নড়াইল-সহ একাধিক এলাকায় হিন্দুদের ওপর হামলার ঘটনায় কী জানালেন মুখ্যমন্ত্রী?
Truth of Bengal: প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাম্প্রতিক অগ্নিগর্ভ পরিস্থিতি এবং সেখানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর আশঙ্কা, পদ্মাপারের এই অস্থিরতা এবং নির্যাতনের সরাসরি প্রভাব এপার বাংলাতেও পড়তে পারে। এই পরিস্থিতিতে বিষয়টি কেন্দ্রীয় সরকারের নজরে আনতে সোমবারই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের জল্পনাকে কেন্দ্র করে সে দেশের একাধিক এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিশেষ করে নড়াইল-সহ বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের বাড়িঘর ও দোকানে অগ্নিসংযোগ এবং হামলার অভিযোগ সামনে আসছে। ওপার বাংলার এই অস্থির পরিস্থিতির জেরে এপার বাংলায় বসবাসকারী বহু পরিবার, যাঁদের আত্মীয়স্বজন বাংলাদেশে রয়েছেন, তাঁদের মধ্যে তীব্র উৎকণ্ঠা তৈরি হয়েছে।
রবিবার সন্ধ্যায় পিডব্লুডি (PWD) তাঁবুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র। সেখানে বর্তমানে যা ঘটছে, তা অত্যন্ত বেদনাদায়ক এবং আমি এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। আমি আগামীকালই বিদেশমন্ত্রী জয়শংকরজিকে বিষয়টি জানাব।”
তবে সংবিধান ও দেশের বৈদেশিক নীতির সীমাবদ্ধতার কথাও এদিন মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, বৈদেশিক নীতির কথা মাথায় রেখে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি আন্তর্জাতিক বা প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে পারেন না, কিংবা একতরফাভাবে কোনও ব্যবস্থাও নিতে পারেন না। সেই কারণেই সাংবিধানিক নিয়ম মেনে তিনি সোমবার কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে কথা বলবেন। মুখ্যমন্ত্রীর কথায়, পশ্চিমবঙ্গের বহু মানুষের আত্মীয়স্বজন বাংলাদেশে বসবাস করেন এবং বর্তমান পরিস্থিতিতে তাঁরা প্রত্যেকেই অত্যন্ত উদ্বিগ্ন হয়ে রয়েছেন। এখন দেখার, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর কেন্দ্রীয় বিদেশমন্ত্রক এই বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে।






