রাজ্যের খবর

‘আকভান’-এর জেরে ফসলের ব্যাপক ক্ষতি! ৫ লক্ষ ৭৩ হাজার কৃষকের জন্য ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ৫ লক্ষ ৭৩ হাজার কৃষকের পাশে রাজ্য সরকার! “দু’দিনের মধ্যেই অ্যাকাউন্টে ঢুকবে ক্ষতিপূরণের টাকা,” নবান্ন থেকে মেগা ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Truth of Bengal: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রবল ঝড় ও নাগাড়ে বৃষ্টির জেরে রাজ্যের বিস্তীর্ণ এলাকার কৃষিকাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও কোমরসমান জলে ডুবে গিয়েছে পাকা আমন ধান, আবার কোথাও জমা জলে পচন ধরেছে শাকসবজি ও আলুর বীজে; নষ্ট হয়েছে তিল তিল করে গড়ে তোলা পানের বরজ ও ফলের বাগিচাও। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দিশাহারা অন্নদাতাদের পাশে দাঁড়িয়ে রবিবার নবান্ন সভাঘর থেকে বড়সড় ক্ষতিপূরণ প্যাকেজের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্যের ৫ লক্ষ ৭৩ হাজার ক্ষতিগ্রস্ত কৃষককে আর্থিক সাহায্য দেওয়া হবে এবং আগামী দু’দিনের মধ্যেই সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে যাবে।

রবিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আমন ধান ঘরে তোলার ঠিক মুখে এই অকাল বৃষ্টি ও ঝড়ে কৃষকরা চরম বিপাকে পড়েছেন। সরকারি প্রাথমিক সমীক্ষা অনুযায়ী, রাজ্যের মোট ১ লক্ষ ৬০ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে কৃষিকাজের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। ধানের পাশাপাশি পান, ফুল, আলুর বীজ, শাকসবজি, কলা এবং পেঁপে-সহ একাধিক ফলের বাগিচাও ক্ষতির মুখে পড়েছে।

ক্ষতিপূরণের হার স্পষ্ট করে এদিন মুখ্যমন্ত্রী জানান, সেচসেবিত এলাকায় হেক্টর প্রতি ১৭ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং এই এলাকায় ১ কাঠা জমির মালিকরাও ন্যূনতম ২ হাজার টাকা পাবেন। অন্যদিকে, বৃষ্টিনির্ভর এলাকায় হেক্টর প্রতি ৮ হাজার ৫০০ টাকা এবং ১ কাঠা জমির মালিকদের ন্যূনতম ১ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়া বহুবর্ষজীবী ফসলের ক্ষেত্রে হেক্টর প্রতি ২২ হাজার ৫০০ টাকা দেবে রাজ্য সরকার। রবি, খরিফ, আমন ও বোরো ধান চাষিদের পাশাপাশি এগ্রিকালচার বা হর্টিকালচারের জমি থাকলেই চাষিরা ন্যূনতম ২,৫০০ টাকা করে ক্ষতিপূরণ পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আর্থিক সাহায্যের পাশাপাশি চাষের জমি থেকে দ্রুত জল নিষ্কাশনের বিষয়েও কড়া নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, সোমবার থেকেই সেচ দফতরের সহযোগিতায় এবং সংশ্লিষ্ট জেলার বিডিও-দের তত্ত্বাবধানে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জমি থেকে জমা জল সরানোর কাজ শুরু হবে। সম্পূর্ণ সরকারি উদ্যোগে এই কাজ করা হবে এবং এর জন্য কৃষকদের কোনও অর্থ ব্যয় করতে হবে না।

Related Articles