রাজ্যের খবর

হাসপাতালের নিরাপত্তায় কড়া বার্তা রাজ্যের, চিকিৎসক-নার্সদের উপর হামলা হলেই বিশেষ আইনে মামলা

স্বাস্থ্যকর্মীদের উপর হামলা, হুমকি, কাজে বাধা কিংবা হাসপাতালের সম্পত্তি ভাঙচুরের ঘটনা ঠেকাতে রাজ্যজুড়ে পুরনো বিশেষ আইন কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিল স্বাস্থ্য দফতর।

জ্যোতির্ময় দত্ত , কলকাতা: হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হলে এবার আর কোনওরকম শিথিলতা বরদাস্ত করা হবে না। স্বাস্থ্যকর্মীদের উপর হামলা, হুমকি, কাজে বাধা কিংবা হাসপাতালের সম্পত্তি ভাঙচুরের ঘটনা ঠেকাতে রাজ্যজুড়ে পুরনো বিশেষ আইন কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশিকা রাজ্যের সমস্ত জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব শরদ কুমার দ্বিবেদীর পাঠানো নির্দেশে ২০০৯ সালের West Bengal Medicare Service Persons and Medicare Service Institutions (Prevention of Violence and Damage to Property) Act কার্যকর করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসা পরিষেবাকে নির্বিঘ্ন রাখা এবং স্বাস্থ্যকর্মীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতেই প্রশাসন ও পুলিশকে সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য দফতরের পর্যবেক্ষণ, হাসপাতালে চিকিৎসাধীন রোগী বা তাঁদের পরিজনদের একাংশের ক্ষোভ থেকে অনেক সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলা, হুমকি, ভয় দেখানো কিংবা চিকিৎসার কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটে। শুধু কর্মীদের উপর নিগ্রহই নয়, হাসপাতালের যন্ত্রপাতি, আসবাবপত্র ও অন্যান্য সম্পত্তির ক্ষতিসাধনের ঘটনাও চিকিৎসা পরিষেবাকে ব্যাহত করে। এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় সাধারণ আইন প্রয়োগের পাশাপাশি নির্দিষ্ট স্বাস্থ্যসুরক্ষা আইন ব্যবহারের উপর জোর দিয়েছে রাজ্য।

আইনে রয়েছে কঠোর শাস্তির বিধান

২০০৯ সালের এই আইনের ৩ নম্বর ধারায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপর হিংসা এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানের সম্পত্তির ক্ষতি নিষিদ্ধ করা হয়েছে। ৪ নম্বর ধারায় আইন লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। ৫ নম্বর ধারা অনুযায়ী, এই আইনের আওতায় অপরাধ কগনিজেবল ও জামিন অযোগ্য। পাশাপাশি ৬ নম্বর ধারায় হাসপাতালের সম্পত্তির ক্ষতির জন্য আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

নির্দেশিকায় নজর সাতটি বিষয়ে

স্বাস্থ্য দফতরের নির্দেশে আইন প্রয়োগের ক্ষেত্রে সাতটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর্মীদের উপর হামলা বা হাসপাতালের সম্পত্তি ভাঙচুরের অভিযোগ উঠলে সংশ্লিষ্ট বিশেষ আইনে মামলা রুজু করতে হবে। অভিযোগ পাওয়ার পর দ্রুত এফআইআর দায়ের করে তদন্ত শুরু করার কথাও বলা হয়েছে।

হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে জেলা প্রশাসন ও পুলিশকে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রাখতে হবে। বিশেষ করে জরুরি বিভাগ, ক্যাজুয়ালটি, আইসিইউ এবং অন্যান্য স্পর্শকাতর এলাকায় বাড়তি নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

ঘটনার তদন্তে যাতে কোনও ফাঁক না থাকে, সেজন্য সিসিটিভি ফুটেজ, নথিপত্র এবং প্রয়োজনীয় মেডিক্যাল প্রমাণ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

হাসপাতালের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলে তার বিস্তারিত হিসাব ও ক্ষয়ক্ষতির মূল্যায়ন করে তদন্তকারী আধিকারিকদের কাছে জমা দিতে হবে। যাতে আদালতের মাধ্যমে দোষীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা সম্ভব হয়।

জেলা স্তরে সমন্বয়ের ক্ষেত্রেও প্রশাসনকে সক্রিয় থাকতে বলা হয়েছে। জেলাশাসকের নেতৃত্বে জেলা পুলিশ, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং হাসপাতালের এমএসভিপি-দের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে হবে।

এছাড়াও হাসপাতাল সংলগ্ন এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীদের সংশ্লিষ্ট আইনের বিধান ও শাস্তির বিষয়টি সম্পর্কে সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সুপার ও কমিশনারদের নিশ্চিত করতে হবে, নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা আইন সম্পর্কে যথাযথভাবে অবগত রয়েছেন।

চিকিৎসা পরিষেবায় নিরাপত্তাই অগ্রাধিকার

স্বাস্থ্য দফতর এই নির্দেশকে অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছে। রাজ্যের সর্বত্র কোনও ব্যতিক্রম ছাড়াই আইন কার্যকর করার কথা বলা হয়েছে। প্রশাসনিক স্তরে দ্রুত পদক্ষেপ, পুলিশের সক্রিয়তা এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করাই এই নির্দেশিকার মূল লক্ষ্য। হাসপাতালের ভিতরে হিংসা ও ভাঙচুরের ঘটনা ঘটলে এবার নির্দিষ্ট আইনে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার বার্তাই স্পষ্ট করল রাজ্য।

Related Articles