“বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন ব্রাত্য বসু!”, দলবদলের ইঙ্গিতের ২৪ ঘণ্টার মধ্যেই বিস্ফোরক সুকান্ত
দীর্ঘদিন ‘নিখোঁজ’ থাকার পর প্রকাশ্যে এসেই ধর্ষণের অভিযোগ ওড়ালেন ব্রাত্য! সুকান্তর পাল্টা দাবিতে রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোল
Truth of Bengal: ভবিষ্যতে অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দিতে পারেন, শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর তাঁর সেই মন্তব্যের ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে বোমা ফাটালেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর বিস্ফোরক দাবি, ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকেই ব্রাত্য বসু বেশ কয়েকজন বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করছেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার কটাক্ষের সুরে বলেন, “ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকেই বেশ কয়েকজন বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করেছেন ব্রাত্য বসু। হয় ডাল মে কুছ কালা হ্যায়, আর না হলে পুরা ডাল হি কালা হ্যায়।” সুকান্তর এই চাঞ্চল্যকর দাবির পরই ব্রাত্য বসুর প্রতিক্রিয়া জানার জন্য ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রাক্তন মন্ত্রী ফোন ধরেননি।
উল্লেখ্য, পূর্বতন তৃণমূল আমলে বিধায়ক হওয়ার পাশাপাশি তথ্যপ্রযুক্তি এবং শিক্ষার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রিত্ব সামলেছিলেন ব্রাত্য বসু। কিন্তু গত বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর থেকে রাজনৈতিক আঙিনা থেকে কার্যত ‘নিখোঁজ’ হয়ে গিয়েছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর শনিবার আচমকাই প্রকাশ্যে এসে নিজের বিরুদ্ধে ওঠা ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগ নিয়ে মুখ খোলেন ব্রাত্য। যাবতীয় অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে তিনি দাবি করেন, অভিযোগকারী মহিলাকে তিনি চেনেনই না। প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য তদন্তের আর্জি জানানোর পাশাপাশি আগামিদিনে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।
এর পাশাপাশি শনিবার দলবদলের জল্পনাও উসকে দেন ব্রাত্য বসু। তিনি স্পষ্ট জানান, এই মুহূর্তে তিনি আর তৃণমূলে নেই, কারণ দলটির অস্তিত্বই আর নেই। একসময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত নির্ভরযোগ্য সৈনিক হিসেবে পরিচিত থাকলেও, ভোটে ভরাডুবির পর তাঁদের সঙ্গে আর কোনও যোগাযোগ হয়নি বলে জানান ব্রাত্য। তবে মমতা-অভিষেকের বিরুদ্ধ গোষ্ঠী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয় বলে স্বীকার করেছিলেন তিনি। কিন্তু ব্রাত্যর সেই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই সুকান্ত মজুমদারের পাল্টা দাবিতে তাঁর গেরুয়া শিবিরে যোগদানের জল্পনা নতুন মাত্রা পেল।





