রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে সরকারি চাকরি! বড় সিদ্ধান্ত সরকারের
সবকিছু ঠিক থাকলে শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।
Truth of Bengal: গত ২৫ বছরে রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে বড় পদক্ষেপ করতে চলেছে শুভেন্দু সরকার। নিহতদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সূত্রের খবর, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন মিলেছে। আইনি ছাড়পত্রও পাওয়া গিয়েছে। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, গত ২৫ বছরে রাজনৈতিক হিংসার বলি হওয়া ব্যক্তিদের পরিবার এই প্রকল্পের আওতায় আসবে। তৃণমূল জমানায় নির্বাচন ও নির্বাচন পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের পাশাপাশি, তার আগের বাম আমলের ১০ বছরের ঘটনাও বিবেচনা করা হবে। লোকসভা, বিধানসভা এবং ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের হিংসায় নিহতদের পরিবারকে এই সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রশাসনিক সূত্রে খবর, প্রকল্পের সুবিধা পেতে নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে হবে। নিহত ব্যক্তির মৃত্যুর কারণ এবং কোন পরিস্থিতিতে মৃত্যু হয়েছে, তার বিস্তারিত বিবরণ ও প্রমাণ-সহ নথি জমা দিতে হবে। জেলা প্রশাসনের মাধ্যমে আবেদন জমা পড়বে। জেলাশাসকের দফতরে নথি যাচাইয়ের পাশাপাশি পুলিশি রিপোর্ট ও প্রশাসনিক তদন্তের ভিত্তিতে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।
যাচাই প্রক্রিয়া শেষ হলে আবেদনকারী নিহতের পরিবারের একজন সদস্যের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে। স্বচ্ছতা বজায় রাখতে শীঘ্রই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিতে চাইছে রাজ্য সরকার। পাশাপাশি, দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ক্ষোভ প্রশমনের ক্ষেত্রেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।





