রাজ্যের খবর

অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের মৃত্যুতে পরিবারকে ৫ লক্ষ টাকা, বড় ঘোষণা রাজ্যের

সরকারি এবং বেসরকারি সংস্থা বা এনজিও পরিচালিত—উভয় ধরনের আইসিডিএস প্রকল্পের কর্মী ও সহায়িকারাই এই সুবিধা পাবেন।

জ্যোতির্ময় দত্ত, কলকাতা: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পরিবারের আর্থিক সুরক্ষায় বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। কর্মরত অবস্থায় ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগে কোনও অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকার আকস্মিক মৃত্যু হলে তাঁর পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। সরকারি এবং বেসরকারি সংস্থা বা এনজিও পরিচালিত—উভয় ধরনের আইসিডিএস প্রকল্পের কর্মী ও সহায়িকারাই এই সুবিধা পাবেন। উল্লেখযোগ্য বিষয় হল, আগামী দিনে নয়, গত ১ এপ্রিল থেকেই এই নতুন আর্থিক সুবিধা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার, ২৮ অক্টোবর নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের বিশেষ সচিবের জারি করা নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। অর্থ দফতরের সম্মতিক্রমে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য এই এককালীন মৃত্যুকালীন আর্থিক সহায়তা চালু করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগে কর্মরত অবস্থায় কোনও কর্মী বা সহায়িকার আকস্মিক মৃত্যু হলে তাঁর পরিবার এককালীন পাঁচ লক্ষ টাকা পাওয়ার অধিকারী হবে।

তবে এই আর্থিক সাহায্য পাওয়ার ক্ষেত্রে মৃত কর্মীর পরিবারের সদস্য কারা, তা নির্ধারণ করা হবে সরকারি কর্মচারীদের মৃত্যুকালীন আর্থিক সুবিধা প্রদানের প্রচলিত নিয়ম মেনেই। আবেদনকারীর সঙ্গে মৃত কর্মীর সম্পর্ক এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে তবেই সাহায্য প্রদানের প্রক্রিয়া সম্পন্ন হবে।

এক্ষেত্রে সংশ্লিষ্ট অতিরিক্ত জেলাশাসক (আইসিডিএস)-এর মাধ্যমে প্রস্তাব পাঠাতে হবে। সেই প্রস্তাবে মৃত অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকার নাম, আবেদনকারীর সঙ্গে তাঁর সম্পর্ক এবং প্রয়োজনীয় সহায়ক নথিপত্র জমা দিতে হবে। যাচাইয়ের পর সংশ্লিষ্ট নিয়ম মেনে আর্থিক সাহায্য প্রদানের ব্যবস্থা করা হবে।

এই প্রকল্পে ব্যয়ের অর্থ বরাদ্দ করা হবে নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের নির্দিষ্ট আর্থিক খাত থেকে। অর্থ দফতরের গ্রুপ পি-২ শাখার সম্মতির ভিত্তিতে জারি হওয়া নির্দেশিকাটি ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতর, জেলাশাসক, ট্রেজারি অফিসার এবং আইসিডিএস আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে।

রাজ্যের শিশু ও মাতৃকল্যাণমূলক পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যন্ত এলাকা থেকে শহরাঞ্চল—সর্বত্র শিশুদের পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা এবং মায়েদের পরিষেবা প্রদানে তাঁরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে তৃণমূল স্তরে কাজ করা এই কর্মীদের পরিবারের আর্থিক নিরাপত্তার বিষয়টি নিয়ে এবার বিশেষ উদ্যোগ নিল রাজ্য।

কর্মজীবনে কোনও অনভিপ্রেত দুর্ঘটনা বা আকস্মিক মৃত্যুর ঘটনায় যাতে পরিবার সম্পূর্ণ অসহায় হয়ে না পড়ে, সেই লক্ষ্যেই এককালীন পাঁচ লক্ষ টাকার আর্থিক সহায়তার সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। রাজ্যের এই ঘোষণায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পরিবার কিছুটা হলেও আর্থিক সুরাহা পাবে বলে আশা করা হচ্ছে।

Related Articles