অসুস্থতার পর প্রয়াত হলেন মুকুল রায়,রাজনৈতিক মহলে শোকের ছায়া
হাসপাতাল সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল তাঁর।
Truth Of Bengal: প্রয়াত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে কিডনি-সহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার গভীর রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই নেতা।
হাসপাতাল সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল তাঁর। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তাঁর বাসভবনের সামনে ভিড় জমাতে শুরু করেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা। হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
রাজনৈতিক জীবনে একাধিক উত্থান-পতনের সাক্ষী ছিলেন মুকুল রায়। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠালগ্ন থেকে গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে পরিচিতি পান তিনি। পরবর্তীতে দলবদল করে বিজেপিতে যোগ দেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে জয়ী হন এবং বিধায়ক নির্বাচিত হন। পরে পুনরায় তৃণমূলে প্রত্যাবর্তন করলেও বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। ফলে তিনি খাতায়কলমে বিজেপির বিধায়ক হিসেবেই থেকে যান।
তাঁকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান করা হয়েছিল। তাঁর বিধায়কপদ খারিজ নিয়ে আইনি লড়াইও শুরু হয়। বিষয়টি পৌঁছয় কলকাতা হাইকোর্টে। হাই কোর্ট খারিজের রায় দিলেও সেই সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত।
এক সময় ‘বঙ্গ রাজনীতির চাণক্য’ নামে পরিচিত এই নেতার প্রয়াণে বাংলার রাজনৈতিক মহলে গভীর শোকের আবহ তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও শোকপ্রকাশ করা হয়েছে।





