কলকাতা

ভোটের মুখে কলকাতায় নাশকতার ছক বানচাল! এসটিএফের জালে বিহারের অস্ত্র পাচারকারী

ধৃত ব্যক্তির কাছ থেকে ৬টি ওয়ান শাটার বন্দুক এবং ১৪টি ৮ এমএম কার্তুজ উদ্ধার করা হয়েছে।

Truth Of Bengal: ভোটের মুখে কলকাতায় বড়সড় নাশকতার ছক বানচাল করল পুলিশ। রাজাবাজার এলাকা থেকে বিহারের এক অস্ত্র পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধৃত ব্যক্তির কাছ থেকে ৬টি ওয়ান শাটার বন্দুক এবং ১৪টি ৮ এমএম কার্তুজ উদ্ধার করা হয়েছে। নির্বাচনের আগে শহরে কারা এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র মজুত করছিল এবং এর নেপথ্যে বড় কোনো চক্র সক্রিয় কি না, তা জানতে ধৃত ব্যক্তিকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

অন্যদিকে, দক্ষিণ কলকাতার বালিগঞ্জ এলাকাতেও বড়সড় সাফল্য পেয়েছে পুলিশ। বালিগঞ্জের আশুতোষ চৌধুরী অ্যাভিনিউ ও গুরুসদয় দত্ত রোডের মোড়ে নাকা তল্লাশির সময় একটি সন্দেহভাজন গাড়িকে আটক করা হয়। তল্লাশি চালাতেই গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় প্রায় ২৫ লক্ষ টাকা নগদ। বিপুল এই অর্থের উৎস কী এবং এই টাকা নির্বাচনের কাজে ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন। উল্লেখ্য, গত কয়েক দিনে কলকাতা ও হাওড়ার বিভিন্ন প্রান্তে দফায় দফায় এই ধরনের নগদ অর্থ উদ্ধার হওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

রাজ্যে লোকসভা নির্বাচনের আবহে নির্বাচন কমিশনের নির্দেশে কড়া নিরাপত্তা ও নজরদারি চালানো হচ্ছে। শহর ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি চলছে নিয়মিত। সম্প্রতি একটি নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভিন রাজ্য থেকে অস্ত্র ও মাদক আসার বিষয়ে সতর্ক করেছিলেন। কলকাতায় দ্বিতীয় দফার ভোটের আগে এভাবে অস্ত্র ও নগদ উদ্ধারের ঘটনা প্রশাসনের তৎপরতাকে যেমন প্রমাণ করছে, তেমনই শহরের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

Related Articles