রাজ্যের খবর

ফাঁদে ৬ মন্ত্রী ও তাঁদের পরিবার! বাংলায় পাকিস্তানি জঙ্গিদের ‘হানিট্র্যাপ’ সুন্দরী মডেল গ্যাং?

বিয়ের প্রস্তাব থেকে সোশাল মিডিয়ায় বন্ধুত্ব! কীভাবে বাংলায় জাল বিছোচ্ছে পাক জঙ্গি সংগঠন?

Truth of Bengal: রাজ্যে এক নতুন ও বিপজ্জনক চক্রান্তের জট ছাড়ালেন গোয়েন্দারা। সূত্রের খবর, বাংলায় এক বিশাল ‘মহিলা গ্যাং’ তৈরির চক্রান্ত চালাচ্ছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলি। মূল লক্ষ্য, হানিট্র্যাপ! সোশাল মিডিয়ায় সক্রিয় সুন্দরী যুবতী এবং উঠতি মডেলদেরই ফাঁদে ফেলে নিজেদের জালে তুলছে তারা। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের অন্তত ৬ জন প্রভাবশালী মন্ত্রী এবং তাঁদের পরিবারের সদস্যদের এই হানিট্র্যাপের ফাঁদে ফেলার এক মারাত্মক পরিকল্পনা কষা হয়েছিল। এই চক্রান্তে অর্পিতা সরকার নামে এক মডেলের পাশাপাশি আর কতজন মহিলা যুক্ত, তা জানতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর সত্য। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের বাসিন্দা অর্পিতা সরকারকে মডেলিং ও অভিনয়ের সুবর্ণ সুযোগের টোপ দিয়ে নিজেদের দলে টেনেছিল হামিম মণ্ডল নামে এক জঙ্গি এজেন্ট। অর্পিতাকে বোঝানো হয়েছিল, হানিট্র্যাপের কাজ করলে সে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে পারবে। এমনকি, কীভাবে হাওড়ার এক প্রভাবশালী মন্ত্রীর পুত্রকে হানিট্র্যাপে জড়িয়ে তোলাবাজি করতে হবে, সেই বিষয়ে অর্পিতাকে সোশাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তান থেকে সরাসরি প্রশিক্ষণ দেওয়া পর্যন্ত হয়েছিল!

রাজ্য পুলিশের এসটিএফ (STF) গোয়েন্দাদের দাবি, পাকিস্তানের কুখ্যাত জঙ্গিগোষ্ঠী শেহজাদ ভাট্টি এবং ‘তেহরিক-ই-তালিবান হিন্দুস্থান’-এর মতো সংগঠনগুলি বাংলায় সুন্দরী নারীদের নিয়ে একটি বড় গ্যাং তৈরি করার চেষ্টা চালাচ্ছে। তাদের নির্দেশ ছিল অত্যন্ত স্পষ্ট, প্রথমে সোশাল মিডিয়ায় সুন্দরী মডেল ও তরুণীদের সঙ্গে বন্ধুত্ব জমাবে হামিম মণ্ডলের মতো এজেন্টরা। প্রয়োজনে দেখা করা, ঘনিষ্ঠ হওয়া এবং বিয়ের প্রতিশ্রুতি পর্যন্ত দেওয়ার নির্দেশ ছিল। এরপর ওই তরুণীদের মানসিক বশবর্তী করে হানিট্র্যাপের কাজে নামানো হত।

এই ছক মেনেই গত চার মাস ধরে হাওড়ার মন্ত্রীর ছেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল অর্পিতা। শুধু অর্থ আদায় নয়, পরবর্তীতে ওই মন্ত্রী-পুত্রকে অপহরণ করারও এক বড়সড় পরিকল্পনা ছিল তাদের। ইতিমধ্যে অর্পিতাকে গ্রেফতার করা সম্ভব হলেও, এই চক্রের শিকড় কতদূর ছড়িয়ে রয়েছে তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। আর কতজন যুবতী বা বিশিষ্ট ব্যক্তি এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন, তার খোঁজে জোরদার তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ।

Related Articles