কলকাতা

RBU Student missing: ভয়েস মেসেজেই আত্মহত্যার ইঙ্গিত, সম্পর্কের জটিলতাই কি কাল হল রবীন্দ্রভারতীর মেধাবী ছাত্রের?

গঙ্গায় ঝাঁপ দেওয়ার আগে সন্দীপ তার মোবাইলে একটি ভয়েস মেসেজ রেকর্ড করে। সেই মেসেজে সে তার এক বন্ধুকে ভালোবাসার কথা জানায়।

Truth of Bengal: সম্পর্কের জটিলতা ও টানাপোড়েনের জেরে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক ছাত্র এই কাণ্ড ঘটিয়েছে। নিখোঁজ হওয়া ওই যুবকের নাম সন্দীপ মালিক, বয়স আনুমানিক ২১ বছর। বৃহস্পতিবার থেকেই সে নিখোঁজ। ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল রাজগঞ্জে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গঙ্গায় ঝাঁপ দেওয়ার আগে সন্দীপ তার মোবাইলে একটি ভয়েস মেসেজ রেকর্ড করে। সেই মেসেজে সে তার এক বন্ধুকে ভালোবাসার কথা জানায়। কিন্তু সেই বন্ধুর অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হয় এবং বিয়ের ঠিক হয়। সন্দীপের পক্ষে বন্ধুর এই সম্পর্ক মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না, তাই সে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় বলে ওই ভয়েস মেসেজে উল্লেখ করে গিয়েছে। যুবকের মোবাইল থেকেই তার পরিবার এবং থানায় ফোন করা হয়।

সাঁকরাইল রাজগঞ্জ এলাকার গঙ্গার ঘাট থেকে নিখোঁজ যুবকের জামা, প্যান্ট, মানিব্যাগ ও মোবাইল উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, সন্দীপ সাঁতার জানত না। প্রত্যক্ষদর্শী কানন পাল নামে এক মহিলা জানান, বৃহস্পতিবার ওই যুবক জামা, প্যান্ট ও মোবাইল রেখে গঙ্গায় নেমে যান। রাত পর্যন্ত তার আর কোনো খোঁজ মেলেনি। ঘটনার খবর পেয়ে বুধবার রাতেই রাজগঞ্জের গঙ্গার ঘাটে ছুটে যায় সাঁকরাইল থানার পুলিশ। ডুবুরি নামিয়ে রাতভর তল্লাশি চালানো হলেও বৃহস্পতিবার রাত পর্যন্ত নিখোঁজ যুবকের খোঁজ মেলেনি।

সন্দীপের কাকা রবিশংকর মালিক বৃহস্পতিবার দুপুরে জানান, “বুধবার সন্ধ্যা থেকে ভাইপো বাড়ি না ফেরায় আমরা খোঁজ শুরু করি। সে বুধবার বিকেলে নাচের স্কুলে গিয়েছিল। পরে পুলিশ জানায়, সে গঙ্গায় নেমে নিখোঁজ হয়েছে। সন্দীপ সাঁতার জানত না, তা সত্ত্বেও কেন গঙ্গায় নামল, তা বুঝতে পারছি না।” যদিও এখনও পর্যন্ত পরিবারের তরফে নির্দিষ্ট কোনো অভিযোগ দায়ের হয়নি, তবে সাঁকরাইল থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। সম্পর্কের টানাপোড়েনেই সন্দীপ গঙ্গায় নেমে নিখোঁজ হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে— তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যুবকের মোবাইলে বন্ধুদের জন্য পাঠানো ভয়েস মেসেজটির বিষয়বস্তু নিয়েও পুলিশ ধোঁয়াশা দূর করার চেষ্টা করছে।

Related Articles