কলকাতারাজ্যের খবর

Bengal Weather: শীতের আমেজ উধাও! নিম্নচাপের ধাক্কায় ফের তাপমাত্রা বৃদ্ধি

শনিবার এই নিম্নচাপ অঞ্চল তৈরি হবে এবং পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে এটি আরও সুস্পষ্ট হয়ে উঠবে।

Truth of Bengal: নিম্নচাপের জেরে বঙ্গে শীতের আগমন ক্রমাগত কমতে শুরু করেছে। একের পর এক নিম্নচাপের কারণে হেমন্তের শেষেও শীতের চেনা আমেজ অধরা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। শনিবার এই নিম্নচাপ অঞ্চল তৈরি হবে এবং পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে এটি আরও সুস্পষ্ট হয়ে উঠবে। এর সরাসরি প্রভাব পড়তে চলেছে রাজ্যের আবহাওয়ায়।

নভেম্বরের শুরুতেও ভোর ও রাতে যে হালকা শীতের অনুভূতি ছিল, তা এখন উধাও। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনের বেলায় এখনও অনুভূত হচ্ছে গরম ও অস্বস্তি। নভেম্বরের শেষ লগ্নে এসেও অনেক জায়গায় ফ্যান চালাতে হচ্ছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, চলতি সপ্তাহে রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী চার-পাঁচ দিনে তাপমাত্রার তেমন কোনো হেরফের হওয়ার সম্ভাবনা নেই। উল্টে, রাতের তাপমাত্রা এক ধাক্কায় প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে (Bengal Weather)।

যদিও এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে কুয়াশার দাপট ভোগাতে পারে। ভোরের দিকে বিশেষত দক্ষিণ ২৪ পরগনায় ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহের শুরু থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ পুরোপুরি উধাও। নভেম্বরে সেভাবে আর ঠান্ডা পড়বে না। শীতবিলাসীদের এখন ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর আসল শীত ফেরার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

উত্তরবঙ্গের ক্ষেত্রে অবশ্য দার্জিলিঙে শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী কয়েক দিন ভোরের দিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে, যার ফলে দৃশ্যমানতা কমে যাওয়ায় সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা সামান্য কমলেও ডিসেম্বরের আগে জাঁকিয়ে শীত ফিরবে না (Bengal Weather)।

Related Articles