পড়ুয়াদের সঙ্গে মিড ডে মিল, পুজোর আগে সেই স্কুলে মুখ্যমন্ত্রীর বিশেষ উপহার, মহিলা কর্মীদের দিলেন শাড়ি
স্কুলের মিড ডে মিলের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছিলেন শুভেন্দু
Truth of Bengal: ‘সারথী’ সাইকেল বিলি কর্মসূচির পরদিনই হাওড়ার তিন স্কুলের পড়ুয়াদের জন্য বিশেষ উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ব্যাঁটরার মধুসূদন পাল চৌধুরী হাই স্কুলে সাইকেল বিলি কর্মসূচির সূচনা করেছিলেন তিনি। সেখানে মধুসূদন পাল চৌধুরী হাই স্কুলের পাশাপাশি রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় এবং লিলুয়া শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিলও খান তিনি। স্কুলের মিড ডে মিলের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছিলেন শুভেন্দু। তারই পরদিন বুধবার তিনটি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ৮৫০ পিস রুই মাছ এবং রসগোল্লা পাঠানো হয় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে।
স্কুল সূত্রে জানা গিয়েছে, রুই মাছের রান্না হয় ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী হাই স্কুলেই। সেখানে ডেকে নেওয়া হয় রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় এবং লিলুয়া শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদেরও। দুপুরে তিন স্কুলের পড়ুয়া এবং শিক্ষকেরা একসঙ্গে বসে মিড ডে মিল খান। ভাত ও তরকারির সঙ্গে পাতে ছিল রুই মাছের কালিয়া এবং মুখ্যমন্ত্রীর পাঠানো রসগোল্লা। পড়ুয়াদের পাশাপাশি মধুসূদন পাল চৌধুরী হাই স্কুলের মিড ডে মিলের ছ’জন মহিলা কর্মীর জন্যও পুজোর উপহার পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁদের প্রত্যেককে একটি করে শাড়ি এবং ৫০০ টাকা করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে খুশি কর্মীরা তাঁকে ধন্যবাদ জানিয়েছেন।
স্কুলের প্রধান শিক্ষক জানান, বুধবার সকালেই মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বলা হয়, আগের দিনের ব্যবস্থাপনায় খুশি হয়ে মুখ্যমন্ত্রী তিনটি স্কুলের পড়ুয়াদের জন্য মাছ এবং মিষ্টি পাঠাচ্ছেন। কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে খাবার স্কুলে পৌঁছে যায়। প্রধান শিক্ষক বলেন, “বুধবার সকালেই মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, মুখ্যমন্ত্রী খুশি হয়ে তিনটি স্কুলের জন্য মাছ ও রসগোল্লা পাঠাচ্ছেন। পরে তাঁর দপ্তর থেকে মাছ-মিষ্টি এসে পৌঁছয়। আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও বার্তাও পাঠিয়েছি।”






