নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর! স্পিকারের হাতে দিলেন পদত্যাগপত্র
বিধানসভার স্পিকারের ঘরে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন মুখ্যমন্ত্রী
Truth of Bengal: পশ্চিমবঙ্গ রাজনীতিতে এক বড়সড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিলেন তিনি। বিধানসভার স্পিকারের ঘরে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন মুখ্যমন্ত্রী। ইস্তফা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, সাংবিধানিক ও আইনি নিয়ম মেনেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এখন তাঁর কাঁধে গোটা রাজ্যের মানুষের দায়িত্ব, তাই নির্দিষ্ট একটি কেন্দ্রের পরিধি ছাড়িয়ে পশ্চিমবঙ্গের ২৯৪টি আসন জুড়েই তাঁকে সমানভাবে কাজ করতে হবে।
বিধায়ক পদ ছাড়লেও নন্দীগ্রামের সাধারণ মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক যে আগের মতোই থাকবে, সেই আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট করে দেন, পদ ছাড়লেও এলাকার সামগ্রিক উন্নয়নের কাজে কোনো খামতি থাকবে না। নন্দীগ্রামের মানুষের পাশে তিনি সবসময় আছেন এবং থাকবেন। এলাকার পরিকাঠামো উন্নয়নের উদাহরণ টেনে তিনি জানান, ইতিমধ্যেই আজ সকাল থেকে নন্দীগ্রামে পানীয় জলের পাইপ বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে।
এর পাশাপাশি, পূর্বতন সরকারের আমল নিয়ে ক্ষোভ উগরে দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি অভিযোগের সুরে জানান, ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর রাজনৈতিক প্রতিহিংসাবশত এই এলাকার একাধিক উন্নয়নমূলক কাজ থমকে গিয়েছিল। এতদিন আটকে থাকা সেই সমস্ত কাজ নতুন করে আবার শুরু করা হচ্ছে। সাধারণ মানুষের দৈনন্দিন সুবিধা ও জনস্বার্থের কথা মাথায় রেখে থমকে থাকা কাজগুলি যাতে দ্রুত শেষ করা যায়, প্রশাসন সেই চেষ্টাই করছে।






