“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে!” এবার GTA-র ‘কঙ্কাল’ বের করতে ময়দানে শুভেন্দু
পাহাড়ে এবার ‘অপারেশন লালকুঠি’! অনীত থাপা-বিনয় তামাংদের জিটিএ ফাইল খোলার হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Truth of Bengal: উত্তরবঙ্গ সফরে এসেই একের পর এক মাস্টারস্ট্রোকে পাহাড় ও সমতলের রাজনৈতিক সমীকরণ বদলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার শিলিগুড়িতে দাঁড়িয়ে তিনি সাফ জানিয়ে দেন, বিগত তৃণমূল সরকারের আমলে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ-র আড়ালে যে অভূতপূর্ব আর্থিক কেলেঙ্কারি হয়েছে, তা আর ধামাচাপা দিয়ে রাখা যাবে না। মানুষের উন্নয়নের জন্য পাঠানো কোটি কোটি টাকা কীভাবে ভুয়ো বিল বানিয়ে আত্মসাৎ করা হয়েছে, এবার তার পূর্ণাঙ্গ তদন্ত করবে নতুন বিজেপি সরকার।
উত্তরকন্যায় নিশীথ প্রামাণিকের ‘সার্জিক্যাল স্ট্রাইক’
মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির ঠিক আগেই উত্তরকন্যায় গিয়ে চমকপ্রদ তথ্য ফাঁস করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। গত শনিবার উত্তরকন্যায় গিয়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ফাইল খতিয়ে দেখে চক্ষু চড়কগাছ হয় মন্ত্রীর। বহু ক্ষেত্রে দেখা যায়, কোটি কোটি টাকার কাজ কেবল ‘কাগজ-কলমেই’ সীমাবদ্ধ রয়েছে, বাস্তবে মাঠপর্যায়ে কোনও কাজই হয়নি! এই চরম কারচুপির জেরে ক্ষুব্ধ মন্ত্রী নিশীথ প্রামাণিক একাধিক প্রভাবশালী ঠিকাদার সংস্থাকে অবিলম্বে ‘ব্ল্যাকলিস্টেড’ বা কালো তালিকাভুক্ত করার নির্দেশ দেন। মন্ত্রীর এই কড়া পদক্ষেপের পরই এবার খোদ মুখ্যমন্ত্রী জিটিএ ফাইল খোলার কথা বলায় পাহাড়ের রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
অনীত-বিনয়দের টার্গেট করে গুরুংয়ের সুর চড়া
তৃণমূলের আমলে জিটিএ-র দায়িত্বে থাকা অনীত থাপা ও বিনয় তামাংদের বিরুদ্ধে সাধারণ মানুষের উন্নয়ন স্তব্ধ করে নিজেদের আখের গোছানোর অভিযোগ দীর্ঘদিনের। অতি সম্প্রতি এই স্বজনপোষণ ও দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে জিটিএ-র সদর দফতর ‘লালকুঠি’ ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং। তবে পাহাড়ে এখন পর্যটনের ভরা মরশুম থাকায় পর্যটকদের হেনস্থা এড়াতে সাময়িকভাবে আন্দোলন স্থগিত রাখেন তিনি।
কিন্তু রাজনৈতিক মহলের মতে, বিমল গুরুং যে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই জিটিএ ফাইল খোলার নির্দেশ দিয়ে প্রমাণ করে দিলেন যে পাহাড়ে শান্তি ও স্বচ্ছতা ফেরাতে কোনও আপস করবে না নতুন প্রশাসন। জিরো টলারেন্স নীতির এই সাঁড়াশি আক্রমণে অনীত থাপাদের ভবিষ্যৎ এখন কোন দিকে ঘোরে, সেটাই দেখার।






