বড় ঘোষণা মেট্রো রেলের! ডিসেম্বরের মধ্যেই চালু হচ্ছে অরেঞ্জ লাইন, কীভাবে জুড়বে গ্রিন লাইন?
এই রুটটি চালু হলে সেক্টর ফাইভ থেকে যাত্রীরা সহজেই গ্রিন লাইনের মেট্রো ধরার সুযোগ পেয়ে যাবেন
Truth of Bengal: কলকাতা ও শহরতলির নিত্যযাত্রীদের জন্য এক দীর্ঘ প্রতীক্ষিত এবং স্বস্তির খবর নিয়ে এল মেট্রো রেল কর্তৃপক্ষ। সমস্ত জট কাটিয়ে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই নিউ গড়িয়া থেকে আইটি পার্ক বা সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হতে চলেছে। এর ফলে অরেঞ্জ লাইনের একটি বড় অংশের বাণিজ্যিক পরিষেবা চলতি বছরের শেষেই চালু হয়ে যাবে বলে আশাবাদী মেট্রো কর্তারা। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নান এই বিষয়ে জানান, কাজের গতি যদি এই নিয়মেই বজায় থাকে, তবে ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে নিউ গড়িয়া থেকে আইটি পার্ক রুটটি যাত্রীদের জন্য খুলে দেওয়া সম্ভব হবে। এই রুটটি চালু হলে সেক্টর ফাইভ থেকে যাত্রীরা সহজেই গ্রিন লাইনের মেট্রো ধরার সুযোগ পেয়ে যাবেন, যা যাতায়াতের ক্ষেত্রে এক মস্ত বড় সুবিধা তৈরি করবে।
এই লক্ষ্যপূরণের জন্যই আজ, শুক্রবার রাত থেকে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ শুরু হচ্ছে। কেন্দ্র ও রাজ্যের দীর্ঘদিনের আইনি ও প্রশাসনিক জট কাটিয়ে অবশেষে চিংড়িঘাটার আটকে থাকা ৩৬৬ মিটারের এই মেট্রো লাইনের কাজ গতি পাচ্ছে। এই কাজের সুবিধার্থে আগামী দুটি সপ্তাহান্তে মোট ১২০ ঘণ্টার জন্য চিংড়িঘাটা এলাকায় আংশিক ট্র্যাফিক ব্লক বা যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রথম পর্যায়ের কাজ শুরু হচ্ছে আজ শুক্রবার রাত ৮টা থেকে, যা চলবে আগামী ১৮ মে, সোমবার সকাল ৮টা পর্যন্ত। এই সময় মূলত উত্তরমুখী যান চলাচলের ওপর আংশিক বিধিনিষেধ থাকবে এবং চিংড়িঘাটা উড়ালপুলের নিচে ইএম বাইপাসের পশ্চিম দিকটি বন্ধ রাখা হবে।
একইভাবে, দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে আগামী ২২ মে, শুক্রবার রাত ৮টা থেকে এবং তা শেষ হবে ২৫ মে, সোমবার সকাল ৮টায়। এই দ্বিতীয় দফায় দক্ষিণমুখী যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে এবং চিংড়িঘাটা ক্রসিংয়ের কাছে ইএম বাইপাসের পূর্ব দিকটি বন্ধ থাকবে। মেট্রো কর্তৃপক্ষের মতে, এই দুটি সপ্তাহান্তের বড় কাজ শেষ হয়ে যাওয়ার পর আরও কিছু ছোটখাটো কাজ বাকি থাকবে। সেগুলি দ্রুত গুটিয়ে নিয়ে বছরের শেষেই অরেঞ্জ লাইনের এই অংশটি চালু করে দেওয়া হবে, যার ফলে গড়িয়া থেকে সেক্টর ফাইভ হয়ে বিমানবন্দর যাওয়ার পথ অনেকটাই সহজ ও দ্রুত হবে।
তবে এই মেগা প্রকল্পের কাজের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে মেট্রো রেল। আগামী ১৭ মে, রবিবার ব্লু লাইনে অর্থাৎ উত্তর-দক্ষিণ করিডোরে আংশিকভাবে মেট্রো চলাচল বন্ধ থাকবে। ওই দিন শহিদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যে লাইনে বিশেষ ট্র্যাফিক ব্লক নেওয়া হবে। মূলত কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কার, পুনর্বাসন এবং শহিদ ক্ষুদিরাম স্টেশনে রেক রিভার্সাল বা ট্রেন ঘোরানোর স্থায়ী পরিকাঠামো তৈরির জন্যই এই ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে রবিবার দিনভর কবি সুভাষ ও শহিদ ক্ষুদিরামের দিকে কোনো ট্রেন যাবে না। তবে যাত্রীদের সুবিধার্থে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার বা টালিগঞ্জ স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।






