কলকাতা

হোলি আর ইডেনে সেমিফাইনাল! তিলোত্তমার দ্বৈত উৎসবে দর্শকদের জন্য মেট্রোর বিশেষ উপহার

ওই রাতে এসপ্ল্যানেড স্টেশন থেকে বিশেষ মেট্রো চালানো হবে

Truth of Bengal: আগামী বুধবার তিলোত্তমায় দ্বৈত উৎসবের আমেজ। একদিকে রঙের উৎসব হোলি, অন্যদিকে ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনাল। এই বিশেষ দিনটির কথা মাথায় রেখে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের লড়াই উপভোগ করে দর্শকদের ঘরে ফেরার সুবিধার্থে ওই রাতে এসপ্ল্যানেড স্টেশন থেকে বিশেষ মেট্রো চালানো হবে।

মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার ব্লু লাইনের এসপ্ল্যানেড স্টেশন থেকে রাত ১১টা ১৫ মিনিটে আপ ও ডাউন— উভয় অভিমুখে বিশেষ মেট্রো ছাড়বে। এই বিশেষ ট্রেনগুলি প্রতিটি স্টেশনেই থামবে। তবে মনে রাখতে হবে, এই বাড়তি পরিষেবার জন্য শুধুমাত্র এসপ্ল্যানেড স্টেশনেই টিকিট কাউন্টার খোলা থাকবে। বিশ্বকাপের উত্তেজনার মাঝে দর্শকদের যাতায়াতে যাতে কোনও সমস্যা না হয়, সেই লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা। অন্যদিকে, হোলির দিন যাত্রী সংখ্যা কম থাকার সম্ভাবনায় সারা দিনের মেট্রো পরিষেবায় কিছু কাটছাঁট করা হয়েছে। ব্লু লাইনে সাধারণ দিনে ২৭২টি ট্রেন চললেও বুধবার ১৯৪টি ট্রেন চলবে। গ্রিন লাইনেও ট্রেনের সংখ্যা ২২৮ থেকে কমিয়ে ১৮৬ করা হয়েছে। ইয়েলো লাইনে বা নোয়াপাড়া-বিমানবন্দর রুটে সারাদিনে ৯২টি ট্রেন চলবে। তবে এই রুটগুলোতে দিনের প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনও বড় পরিবর্তন করা হয়নি।

বিপরীতে অরেঞ্জ ও পার্পল লাইনের পরিষেবা অন্যান্য সাধারণ দিনের মতোই স্বাভাবিক থাকবে। ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে শেষ ট্রেন রাত ৮টা ৫৮ মিনিটে এবং বিমানবন্দর থেকে শেষ ট্রেন রাত ৯টা ১৮ মিনিটে ছাড়বে। সামগ্রিকভাবে হোলির কারণে দিনের বেলা ট্রেনের সংখ্যা কম থাকলেও, রাতের বিশেষ মেট্রো ক্রীড়াপ্রেমীদের জন্য বড় স্বস্তি নিয়ে আসবে বলেই মনে করা হচ্ছে।

Related Articles