ছুটির দিনে মেট্রোয় চরম ভোগান্তি! লাইনে ঝাঁপ যাত্রীর, কোন স্টেশন পর্যন্ত চলছে ট্রেন?
সকালের দিকে এক যাত্রী চলন্ত ট্রেনের সামনে লাইনে ঝাঁপ দেন।
Truth of Bengal: রবিবার ছুটির সকালে ফের বড়সড় বিপত্তির মুখে কলকাতা মেট্রোর ব্লু লাইন। রবীন্দ্র সরোবর স্টেশনে এক যাত্রীর আত্মহত্যার চেষ্টার জেরে দীর্ঘক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল। ঘটনার জেরে ভোগান্তিতে পড়েছেন শহরবাসী।
মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, সকালের দিকে এক যাত্রী চলন্ত ট্রেনের সামনে লাইনে ঝাঁপ দেন। এই ঘটনার পরপরই জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধারকাজ শুরু হয় এবং দক্ষিণেশ্বর অভিমুখে ট্রেন চলাচল সম্পূর্ণ থমকে যায়। পরিস্থিতি সামাল দিতে মেট্রো কর্তৃপক্ষ তড়িঘড়ি ‘কাট-সেকশন’ বা আংশিক পথে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক থাকলেও, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। স্টেশনে স্টেশনে মাইকিং করে যাত্রীদের এই বিভ্রাটের কথা জানানো হচ্ছে।
এই ঘটনা ফের একবার ব্লু লাইনের নিরাপত্তা ব্যবস্থার কঙ্কালসার চেহারাটা সামনে এনে দিয়েছে। উত্তর-দক্ষিণ করিডোর বা এই পুরনো রুটের স্টেশনগুলোতে লাইনের পাশে কোনও সুরক্ষা প্রাচীর বা স্ক্রিন ডোর নেই। ফলে প্রায়শই এখানে আত্মহত্যার চেষ্টার মতো ঘটনা ঘটে, যা পুরো পরিষেবাকে ওলোটপালোট করে দেয়। যদিও শহরের নতুন রুটগুলোতে (যেমন গ্রিন বা পার্পল লাইন) অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা ও কাঁচের দেওয়াল ব্যবহার করা হয়েছে, কিন্তু ব্লু লাইনের পরিকাঠামো আজও অরক্ষিত রয়ে গিয়েছে। রোববারের এই ঘটনার পর মেট্রোর নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী সমাধানের দাবি আরও জোরালো হচ্ছে।






