মা দুর্গার ত্রিনয়ন আর বিশেষ হেলমেট! এবার গোলাপি-কমলা পোশাকে রাজপথে নামছে ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
কলকাতা পুলিশের মহিলা বাহিনীর নতুন লুক ঘিরে শহরজুড়ে তোলপাড়!
Truth of Bengal: তিলোত্তমা কলকাতার রাস্তায় এবার থেকে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এক সম্পূর্ণ নতুন ও আধুনিক অবতারে দেখা যাবে কলকাতা পুলিশের মহিলা পুলিশকর্মীদের। এতদিন স্কুটিতে চেপে টহলদারি চালোনো ‘উইনার্স’ স্কোয়াডের নাম পালটে এখন রাখা হয়েছে ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’। শুধু নামবদলই নয়, এই বিশেষ বাহিনীর মহিলা আধিকারিক ও পুলিশকর্মীদের পোশাক ও হেলমেটেও আনা হচ্ছে অভূতপূর্ব পরিবর্তন। চিরাচরিত পুলিশি ইউনিফর্মের ওপর এবার থেকে তাঁদের পরনে থাকবে আকর্ষণীয় গোলাপি ও কমলা রঙের মিশ্রণে তৈরি বিশেষ ওয়েস্টকোট বা অ্যাপ্রন, যার সামনে ও পিছনে আঁকা থাকবে মা দুর্গার মুখের অবয়ব এবং ত্রিনয়ন থেকে উঠে আসা ত্রিশূলের ছবি।
লালবাজার সূত্রে খবর, গোলাপি রং মূলত সহানুভূতি ও সমবেদনার প্রতীক, আর কমলা রং প্রকাশ করে অপরাজিত শক্তি ও সাহসিকতা। শহরের সাধারণ মানুষ ও বিপদে পড়া নারীদের প্রতি সহানুভূতি দেখানোর পাশাপাশি অপরাধীদের দমনে যাতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়া যায়, সেই বার্তা দিতেই এই দুটি রঙের চমৎকার মেলবন্ধন ঘটানো হয়েছে। নতুন এই ওয়েস্টকোটের বোতাম হবে কমলা রঙের, সঙ্গে থাকবে একাধিক সুবিধেজনক পকেট। সামনে এবং পিছনে স্পষ্ট ইংরেজিতে লেখা থাকবে ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’। পোশাকটির ডিজাইন এমনভাবে করা হচ্ছে যাতে তা হালকা, অত্যন্ত আরামদায়ক, শক্তপোক্ত এবং সব ধরণের শারীরিক গঠনে সহজেই ফিট করে। আপাতত লালবাজারের পক্ষ থেকে ২ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ১১০টি এমন বিশেষ পোশাকের নির্দেশ দেওয়া হয়েছে।
পোশাকের পাশাপাশি বাহিনীর নিরাপত্তায় আনুলিয়া করা হচ্ছে নতুন হেলমেটও। সম্পূর্ণ গোলাপি রঙের এই হেলমেটে থুতনিসহ গোটা মাথা সুরক্ষিত রাখার ব্যবস্থা থাকবে। ভিতরে থাকবে বাতাস চলাচলের উপযুক্ত ড্রাফট এবং মাল্টি-লেয়ার থার্মোকল, যাতে দীর্ঘ সময় স্কুটি চালালেও শ্বাসপ্রশ্বাসে কোনও কষ্ট না হয়। হেলমেটের একদম শীর্ষে খোদাই করা থাকবে কলকাতা পুলিশের গর্বের লোগো। এমন ৮০টি উচ্চমানের অ্যান্টি-স্ক্র্যাচ হেলমেটের জন্য পুলিশ প্রায় ১ লাখ ৮ হাজার টাকা খরচ করছে।
পুলিশ প্রশাসনের দাবি, এই নতুন রূপ দুর্গাবাহিনীর কাজের প্রতি গর্ব বাড়াবে এবং পেশাদারিত্বকে আরও মজবুত করবে। শহরের অলিতে-গলিতে অপরাধীদের মনে ভীতি সঞ্চার করতে এবং নারীদের সুরক্ষায় দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলতে খুব শীঘ্রই নতুন পোশাকে স্কুটি ছুটিয়ে নামছে ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’।






