রাজ্যের খবর

‘সেবাশ্রয়’ কর্মসূচিতে সরকারি ওষুধ ব্যবহারের অভিযোগ, তদন্তে নড়েচড়ে বসল স্বাস্থ্য দপ্তর

প্রাথমিক তদন্তে এমনই তথ্য উঠে এসেছে বলে প্রশাসনিক সূত্রের খবর

জয় চক্রবর্তী: ‘সেবাশ্রয়’ কর্মসূচিতে কোটি কোটি টাকার সরকারি ওষুধ ব্যবহারের অভিযোগ ঘিরে রাজ্য প্রশাসনের অন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে এমনই তথ্য উঠে এসেছে বলে প্রশাসনিক সূত্রের খবর। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি ব্যবহৃত সরকারি ওষুধের আর্থিক মূল্য নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রের দাবি, দক্ষিণ ২৪ পরগনা জেলার জন্য সরকারি স্বাস্থ্য ব্যবস্থার আওতায় বরাদ্দ হওয়া ওষুধ ‘সেবাশ্রয়’ কর্মসূচিতে ব্যবহার করা হয়েছে।

অথচ সংশ্লিষ্ট কর্মসূচিটি সরকারি কর্মসূচি ছিল না বলে প্রশাসনের একাংশের দাবি। সেই পরিস্থিতিতে কীভাবে সরকারি ওষুধ সেখানে ব্যবহার করা হল, তা নিয়েই প্রশ্ন উঠেছে স্বাস্থ্য দপ্তরের অন্দরে।প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ঠিক কত টাকার সরকারি ওষুধ ব্যবহার হয়েছে, তার বিস্তারিত হিসাব প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন রাজ্য প্রশাসনের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা। পাশাপাশি সরকারি ওষুধ ব্যবহারের অনুমোদন দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কোন স্তর থেকে দেওয়া হয়েছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই দায়িত্বপ্রাপ্ত কয়েকজন সংশ্লিষ্ট আধিকারিককে চিহ্নিত করেছেন বলে সূত্রের দাবি। চূড়ান্ত তদন্ত রিপোর্ট হাতে এলেই তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হতে পারে বলেও প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।

Related Articles