কলকাতা

‘খাম’ ফেরাতে আদালতের পথে নওশাদ, কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ ISF-এর

ইতিমধ্যেই কমিশনকে চিঠি দিয়ে আপত্তি জানিয়েছেন তিনি এবং কলকাতা হাই কোর্টে যাওয়ার কথাও ঘোষণা করেছেন।

Truth of Bengal: ‘খাম’ প্রতীক ফিরে পেতে আইনি লড়াইয়ের পথে নওশাদ সিদ্দিকির আইএসএফ। নির্বাচন কমিশন ‘খাম’ প্রতীকটি গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে দেওয়ার পর আইএসএফকে ‘আলমারি’ প্রতীক বরাদ্দ করেছে। কিন্তু সেই সিদ্ধান্ত মেনে নিতে নারাজ নওশাদ। ইতিমধ্যেই কমিশনকে চিঠি দিয়ে আপত্তি জানিয়েছেন তিনি এবং কলকাতা হাই কোর্টে যাওয়ার কথাও ঘোষণা করেছেন।

আইএসএফের দাবি, ২০২১ ও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তারা ‘খাম’ প্রতীকেই লড়েছে এবং ২০২৬ সালের মার্চে প্রতীকটি নিয়ে কমিশনের কাছে প্রয়োজনীয় প্রক্রিয়াও সম্পন্ন করেছিল। তা সত্ত্বেও উপনির্বাচনের আগে প্রতীকটি অন্য দলকে দেওয়ায় আপত্তি তুলেছে তারা। নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে, আসন্ন উপনির্বাচনে আইএসএফকে ‘আলমারি’ প্রতীকেই লড়তে হবে।

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। ফলে ভোটের ঠিক আগে প্রতীক বদল হওয়ায় প্রচারে নতুন প্রতীক ভোটারদের কাছে পরিচিত করার চাপও বেড়েছে। নওশাদ জানিয়েছেন, ‘খাম’ ফেরানোর দাবিতে তাঁরা আইনি পথেই এগোবেন।

Related Articles