এক ফোনেই অ্যাকশন! ৫ মিনিট নয়, এবার ২-৩ মিনিটেই ঘটনাস্থলে পৌঁছতে হবে পুলিশকে
প্রত্যেক থানার ওসিকে এমনটাই নির্দেশ দিয়েছে লালবাজার
Truth of Bengal: আর দেরি নয়, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটও দেরি করা যাবে না।ঘটনাস্থলে দু তিন মিনিটের মধ্যে পৌঁছতে হবে পুলিশকে । এমনই কড়া নির্দেশ লালবাজারের।তার জন্য প্রত্যেক থানায় রাখতে হবে বাইক বাহিনী এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে। প্রত্যেক থানার ওসিকে এমনটাই নির্দেশ দিয়েছে লালবাজার। কন্ট্রোল রুম থেকে কোন খবর পাওয়া মাত্রই থানায় থাকা ডিউটি অফিসার এবং সেই রাস্তার ডিউটিতে যে সমস্ত অফিসাররা রয়েছেন তারা প্রথমেই রাস্তায় বাইকে করে টহলদার পুলিশকর্মী ও আধিকারিকদের খবর দেন। তাঁরা চেষ্টা করেন, পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যেতে। প্রাথমিকভাবে তাঁরা কোনও সমস্যা হলে মেটানোর চেষ্টা করেন। কিন্তু কোনও বড় ঘটনার ক্ষেত্রে তাঁরাই ফোন করে থানার আধিকারিকদের বিষয়টি জানান। সেইমতো ঘটনাস্থলে পৌঁছয় আরও বড় পুলিশ বাহিনী।
তবে এবার লালবাজারের নির্দেশ সেই সময় ৫ মিনিট নয়, এবার তা ৫ মিনিট থেকে কমিয়ে আরো কম সময় অর্থাৎ দু থেকে তিন মিনিটের মধ্যে পুলিশ আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছতে হবে। অর্থাৎ বাইকে টহলদারি যে পুলিশ আধিকারিকরা ঘটনা ঘটার পর ঘটনার ৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছন এবার সেই সময় আরো কমিয়ে এনে দু থেকে তিন মিনিটের মধ্যে পৌঁছানোর নির্দেশ দিল লালবাজার। সুতরাং বাইকে টহলদারি পুলিশ আধিকারিকদের আরো তৎপর হওয়ার নির্দেশ এবার লালবাজারের।লালবাজারের কর্তারা ওসিদের জানিয়েছেন, কিছু ক্ষেত্রে এমনও হতে পারে যে, একটি বাইক আরোহী পুলিশের টিম ঘটনাস্থলে রয়েছে। একই সময়ে দ্বিতীয় ঘটনার খবর এসেছে থানার কাছে। সেই ক্ষেত্রে প্রথম ঘটনাস্থলে ওই টিমের কাজ শেষ হয়ে গেলে সেখান থেকে দ্বিতীয় ঘটনাস্থলে পৌঁছতে পারে।
কিন্তু প্রথম ঘটনাস্থলে কাজ সারতে দেরি আছে, তা বুঝতে পারলে সেই টিম বিষয়টি থানাকে জানাবে। এই পরিস্থিতির জন্য থানায় তৈরি রাখতে হবে বাইক আরোহী দ্বিতীয় টিম। সম্প্রতি নতুন বাইক থানাগুলিকে দেওয়া হয়েছে। সেই দ্বিতীয় টিম সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছনোর চেষ্টা করবে। এই ব্যাপারে সম্প্রতি একটি বৈঠকে উঠে এসেছে শহরে যানজটের প্রসঙ্গও।যদি দেখা যায়, রাস্তায় যানজটের কারণে কোনও বাইক আরোহী টিমের ঘটনাস্থলে পৌঁছতে সময় লাগছে, সঙ্গে সঙ্গেই থানার পক্ষে ট্রাফিক কন্ট্রোল রুম ও সংশ্লিষ্ট ট্রাফিক গার্ডকে বিষয়টি জানানো হবে। ট্রাফিক পুলিশ ওই বাইক টিমের যাতায়াতের রাস্তা যথাসম্ভব মসৃণ করবে। তাতেই বাহিনী অতি অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছতে পারবে বলে জানিয়েছে পুলিশ।






