কলকাতা

মাঝরাতে নিউটাউনের নার্সিংহোমে দুষ্কৃতী তাণ্ডব! আইসিইউ-র রোগী বের করে গেটে তালা ঝোলালেন প্রোমোটার

বাদ যাননি কর্মরত চিকিৎসক ও নার্সরাও, তাঁদেরও মারধর করে হাসপাতাল থেকে বের করে নার্সিংহোমের মূল গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়!

Truth of Bengal: তিলোত্তমার বুকেই এবার মধ্যরাতে চরম তাণ্ডব! নিউটাউনের যাত্রাগাছি এলাকায় একটি বেসরকারি হাসপাতালে দুষ্কৃতী হামলা ও বেধড়ক ভাঙচুরের অভিযোগে তুলকালাম কাণ্ড ঘটে গেল। স্থানীয় এক প্রভাবশালী প্রোমোটার ও তাঁর সশস্ত্র দলবলের বিরুদ্ধে উঠল নার্সিংহোমে চড়াও হয়ে তাণ্ডব চালানো এবং রোগীদের জোরপূর্বক তাড়িয়ে দেওয়ার অভিযোগ। এমনকী, বাদ যাননি কর্মরত চিকিৎসক ও নার্সরাও, তাঁদেরও মারধর করে হাসপাতাল থেকে বের করে নার্সিংহোমের মূল গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়!

ঠিক কী ঘটেছিল নিউটাউনের নার্সিংহোমে?

হাসপাতাল কর্তৃপক্ষের দায়ের করা লিখিত অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে। অভিযোগের তীর স্থানীয় প্রোমোটার সঞ্জীব বিশ্বাসের দিকে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করেই এই হামলার সূত্রপাত, যে বিষয়টি নিয়ে বর্তমানে আদালতেও মামলা চলছে।

অভিযোগ, মঙ্গলবার রাতে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে একদল দুষ্কৃতী নিয়ে হাসপাতালে ঢুকে তাণ্ডব চালায় প্রোমোটারের অনুগামীরা। সেই সময় নার্সিংহোমটিতে ৯ জন রোগী ভর্তি ছিলেন, যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২ জন আইসিইউ (ICU)-তে চিকিৎসাধীন ছিলেন। অভিযোগ, দুষ্কৃতীরা অমানবিকতার সব সীমা ছাড়িয়ে আশঙ্কাজনক রোগীদেরও জোর করে বের করে দেয় এবং বাধা দিতে গেলে চিকিৎসক ও নার্সদের বেধড়ক মারধর করে। গোটা ঘটনায় শাসকদলের ঘনিষ্ঠ প্রোমোটারের হাত রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি। ইতিমধ্যেই নিউটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পাল্টা বিস্ফোরক দাবি প্রোমোটারের!

অন্যদিকে, সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রোমোটার সঞ্জীব বিশ্বাস। তাঁর পাল্টা দাবি, যে জমির ওপর নার্সিংহোমটি দাঁড়িয়ে রয়েছে, তার প্রকৃত মালিক তিনি নিজে। দীর্ঘদিন ধরে ভাড়া বাবদ কোটি কোটি টাকা বকেয়া রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রোমোটারের আরও বিস্ফোরক অভিযোগ, বর্তমানে ওই নার্সিংহোমটির লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কোনও আইনি অনুমোদন ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে সেখানে রোগী ভর্তি রেখে ব্যবসা চালানো হচ্ছিল।

জমি সংক্রান্ত আদালতে বিচারাধীন মামলা এবং তার মাঝেই হাসপাতালে এমন মধ্যরাতের তাণ্ডবের ঘটনায় যাত্রাগাছি এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চিকিৎসা বিষয়ক প্রতিষ্ঠানে রোগীদের নিরাপত্তাহীনতার এই ঘটনায় পুলিশ কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর সকলের।

Related Articles