দেশ

বিলাসবহুল গাড়ি নিয়ে ট্রোল মৈথিলী, কড়া জবাব কঙ্গনার

এই বিতর্কের মাঝেই মৈথিলীর পাশে দাঁড়ান বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।

Truth of Bengal: মুম্বইয়ের লালবাগচা রাজার দর্শনে বিলাসবহুল Rolls-Royce Cullinan-এ পৌঁছনোর পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েন বিহারের বিধায়ক ও লোকসঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর। ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলেন, রাজনীতিতে আসার পর এত দামি গাড়িতে তাঁর সফর নিয়ে। তবে গাড়িটি মৈথিলীর নিজের কি না, তা এখনও স্পষ্ট নয়।

এই বিতর্কের মাঝেই মৈথিলীর পাশে দাঁড়ান বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি প্রশ্ন তোলেন, জনসেবায় যুক্ত হলেই কি একজন জনপ্রতিনিধিকে সাধারণ বা অনাড়ম্বর জীবনযাপন করতেই হবে? কঙ্গনার বক্তব্য, রাজনীতিকদের নিজস্ব পেশা, আয় ও ব্যক্তিগত জীবন থাকতে পারে এবং তাঁদের জীবনযাত্রা নিয়ে শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিচার করা উচিত নয়।

মৈথিলীর লালবাগচা রাজা সফরের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে অনলাইনে বিতর্ক শুরু হয়। তাঁর নির্বাচনী হলফনামায় ঘোষিত সম্পদের সঙ্গে ওই গাড়ির মালিকানা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে, যদিও গাড়িটি তিনি কিনেছেন—এমন কোনও নিশ্চিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।