খাম প্রতীক মামলায় হাই কোর্টে বড় ধাক্কা! নওশাদ সিদ্দিকির আর্জি খারিজ করল আদালত
নওশাদ সিদ্দিকীর দলের আবেদন খারিজ করা হয়েছে
Truth of Bengal: ‘খাম’ প্রতীক ফিরে পাওয়ার দাবিতে আইএসএফের দায়ের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের পর্যবেক্ষণ, নির্বাচনী প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই পর্যায়ে প্রতীক সংক্রান্ত বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে চায় না। সেই কারণেই নওশাদ সিদ্দিকীর দলের আবেদন খারিজ করা হয়েছে। ২০২১ এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ‘খাম’ প্রতীক নিয়ে লড়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ। কিন্তু আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে সেই প্রতীক আর তাদের হাতে নেই। নির্বাচন কমিশন আইএসএফকে ‘আলমারি’ প্রতীক বরাদ্দ করেছে। অন্যদিকে, ‘খাম’ প্রতীক দেওয়া হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে।
পুরনো প্রতীক ফিরে পাওয়ার দাবিতে প্রথমে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিল আইএসএফ। সেখানে সমাধান না মেলায় গত ২১ সেপ্টেম্বর কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় নওশাদ সিদ্দিকীর দল। মামলার আগের শুনানিতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন বিচারপতি কৃষ্ণ রাও। কোন আইনি বিধান মেনে আইএসএফের ব্যবহৃত ‘খাম’ প্রতীক অন্য একটি দলকে বরাদ্দ করা হল, তা জানতে চেয়েছিল আদালত। বিচারপতির পর্যবেক্ষণ ছিল, আগের প্রতীক ফিরে পাওয়া আইএসএফের আইনি অধিকার না-ও হতে পারে, তবে সেই প্রতীক দাবি করা তাদের পক্ষে স্বাভাবিক।কমিশনের আইনজীবী জিষ্ণু চৌধুরী আদালতে জানান, সাধারণ নির্বাচন এবং উপনির্বাচন পৃথক নির্বাচনী প্রক্রিয়া। একটি নির্বাচনের ফল ঘোষণা হয়ে গেলে সেই প্রক্রিয়া শেষ হয়ে যায়। এরপর ‘ফ্রি সিম্বল’ বরাদ্দের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। তাঁর বক্তব্য ছিল, কোনও রাজনৈতিক দলের নির্দিষ্ট ফ্রি সিম্বলের উপর স্থায়ী অধিকার থাকে না এবং প্রতীক কোনও দলের সম্পত্তিও নয়।
তবে সেই ব্যাখ্যায় আগের শুনানিতে সন্তুষ্ট হননি বিচারপতি রাও। আদালত জানতে চেয়েছিল, গণতান্ত্রিক তৃণমূলের আবেদন বিবেচনা করে ‘খাম’ প্রতীক দেওয়া হলেও আইএসএফের আবেদন কীভাবে বিবেচনা করা হয়েছিল, তার নথি কোথায়। কমিশনের সিদ্ধান্তের আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছিল আদালত। সোমবার শুনানি শেষে রায়দান স্থগিত রাখা হয়েছিল। শেষ পর্যন্ত বুধবার বিচারপতি কৃষ্ণ রাও জানিয়ে দেন, নির্বাচন প্রক্রিয়া চলাকালীন আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করবে না। ফলে আইএসএফের মামলা খারিজ হয়ে যায়। আইএসএফ আত্মপ্রকাশ করে ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি। ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকী দলটি প্রতিষ্ঠা করলেও পরবর্তী সময়ে নেতৃত্বের সামনের সারিতে উঠে আসেন নওশাদ সিদ্দিকী। ২০২১ সালের ভোটের আগে নিজস্ব প্রতীক না থাকায় বিহারের রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচনে লড়েছিল আইএসএফ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেও স্থায়ী প্রতীকের জন্য কমিশনের কাছে আবেদন করা হয়েছিল, যদিও সেই ভোটেও ‘খাম’ প্রতীকেই লড়েছিল দল।






