কলকাতায় ফের বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রাও! হাওয়া অফিসের বড় আপডেট
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকলেও সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Truth of Bengal: কালীপুজোয় মোটের উপর বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও ভাইফোঁটায় ফের বদলাতে পারে বাংলার আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকলেও সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ৩.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বুধবার সকালের বৃষ্টিতে ইএম বাইপাস ও সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কয়েকটি অংশে জল জমে যায়। কোথাও কোথাও জল গোড়ালি পর্যন্ত পৌঁছনোয় সমস্যায় পড়েন অফিসযাত্রী ও সাধারণ মানুষ।
আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় মুরাসু অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর পাশাপাশি অসম, হরিয়ানা, লাক্ষাদ্বীপ, কর্ণাটক ও তামিলনাড়ু উপকূলে সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। আজও কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।
শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে সোমবার থেকে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। শনিবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সকালের দিকে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও বেলা বাড়ার সঙ্গে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.০২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.০৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৫ এবং সর্বনিম্ন ৭০ শতাংশ।
আজ শহরের আকাশ মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার পূর্বাভাস।





