রাজ্যের খবর

জানুয়ারি থেকেই ‘ভরসা’ প্রকল্পের আবেদন শুরু! বেকার যুবক-যুবতীদের মুখে হাসি ফুটিয়ে বড় বার্তা শুভেন্দুর

রাজ্য মন্ত্রিসভায় অনুমোদন পেতে চলেছে নতুন ‘ভরসা’ প্রকল্প, জানুয়ারী থেকেই মিলবে আবেদনপত্র

Truth of Bengal: রাজ্যের পালাবদলের পরেই শিক্ষিত ও কর্মহীন বেকার যুবক-যুবতীদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহু প্রতীক্ষিত প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARI)। বৃহস্পতিবার হুগলির পুরশুড়া থেকে একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে, আগামী ২৩ নভেম্বর রাজ্য মন্ত্রিসভার (Cabinet Meeting) বৈঠকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেতে চলেছে নতুন ‘ভরসা’ প্রকল্প (Bharosa Scheme)। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারি মাস থেকেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন রাজ্যের বেকাররা।

যুবসাথীর পর এবার নতুন ‘ভরসা’ প্রকল্প

তৃণমূল জমানার শেষ দিকে রাজ্যের বেকারদের একাংশ আর্থিক সাহায্যের আশায় ‘যুবসাথী’ প্রকল্পের আওতায় প্রতি মাসে ১৫০০ টাকা করে পেতেন। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরই বেকার যুবক-যুবতীদের মনে বড়সড় প্রশ্ন দানা বেঁধেছিল যে, নতুন সরকারের আমলেও কি এই ধরনের আর্থিক সহায়তা বা সুযোগ বজায় থাকবে?

যদিও সরকার বদলের ঠিক পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে, কর্মহীন বেকারদের পাশে সব সময় থাকবে নতুন সরকার। তবে কবে থেকে এবং ঠিক কী নামে এই নতুন প্রকল্প চালু হবে, তা নিয়ে এতদিন কোনও নির্দিষ্ট তথ্য সামনে আসেনি। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার পুরশুড়ার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, রাজ্যের তরুণ প্রজন্মকে স্বাবলম্বী করতে এবং চাকরির খোঁজ চলাকালীন তাদের আর্থিক সুরক্ষা দিতে আসছে ‘ভরসা’ প্রকল্প। এদিন মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, “যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছেন, সরকার আপনাদের পাশে ছায়ার মতো থাকবে।”

কারা পাবেন আবেদনের সুযোগ?

প্রশাসন সূত্রে খবর, এই নতুন ‘ভরসা’ প্রকল্পের মাধ্যমে রাজ্যের গ্র্যাজুয়েট (Graduate) এবং আন্ডার গ্র্যাজুয়েট (Under Graduate) পাস করা বেকার যুবক-যুবতীরা সরাসরি আবেদনের সুযোগ পাবেন। তবে ঠিক কী নিয়মে আবেদন করতে হবে, শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম মানদণ্ড কী রাখা হয়েছে কিংবা প্রতি মাসে কত টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কোনও নির্দেশিকা প্রকাশ করা হয়নি। সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ২৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে প্রকল্প অনুমোদিত হওয়ার পরই বিস্তারিত গাইডলাইন ও নিয়মাবলী প্রকাশ করা হবে।

মুখ্যমন্ত্রীর এই মেগা ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে কর্মহীন শিক্ষিত যুবসমাজ এবং চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। জানুয়ারি মাসে আবেদন প্রক্রিয়া শুরু হলে লাখ লাখ বেকার যুবক-উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।

Related Articles